২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ৭ ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি ঘোষণা

দলীয় সাধারণ সম্পাদকের বেঁধে দেওয়া সময়েরও এক মাস পর বিরোধপূর্ণ সাতটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 02:35 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

মহানগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্থগিত সাতটি ওয়ার্ড কমিটি পুনর্গঠনের কথা জানানো হয়।

এর প্রতিটি ওয়ার্ডেই একজন আহ্বায়ক ও তিনজন করে যুগ্ম আহ্বায়ক রেখে মোট ৫১ সদস্যের কমিটি করা হয়েছে।

৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে মো. ইসকান্দর মিয়া, ৪ নম্বর চানদগাঁও ওয়ার্ডে নুর মোহাম্মদ নুরু, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে মো. নুরুল আমিন, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে মো. ইউনুছ কোম্পানি, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে মো. আবসার উদ্দীন, ৫ নম্বর মোহরা ওয়ার্ডে মো. রফিকুল আলম এবং ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে এস এম আলমগীরকে আহ্বায়ক করা হয়েছে।

Image
.

.

নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী চিকিৎসার জন্য ভারতে থাকা অবস্থাতেই নতুন আহ্বায়ক কমিটির এ ঘোষণা এল। চিকিৎসা শেষে ৩ অগাস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

গত ৫ মে নগরীর লেডিস ক্লাবে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৃণমূলের বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওইদিনের সভায় তিনি নগর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড কমিটির সমস্যা মেটাতে এক মাস সময় বেঁধে দেন।

২৪ জুলাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের সকল সাংগঠনিক কার্যক্রমে প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সম্পৃক্ত করার নির্দেশ দেন।

নওফেল বর্তমানে দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এরপরই তড়িঘড়ি করে বিরোধপূর্ণ ওয়ার্ডগুলোতে কমিটি দেওয়া হলো।

জানতে চাইলে নওফেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহানগর আওয়ামী লীগ আমাদের সভানেত্রীর সিদ্ধান্ত অনুসারে সবার সাথে সমন্বয় করে কমিটি করবে এটাই আমাদের আশা।

“এ মুহূর্তে নগর আওয়ামী লীগ সভাপতি দেশের বাইরে আছে। আশাকরি তিনি দেশে ফিরলে আমাদের কোনো অসুবিধা থাকলে সেটা ‍দূর করা সম্ভব হবে।”

নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মেয়াদে তার সাথে আ জ ম নাছিরসহ অন্য নেতাদের বিরোধের জেরে একাধিক ওয়ার্ডে দুটি করে কমিটি হয়।

দলীয় সাধারণ সম্পাদকের সময় বেঁধে দেওয়ার পর গত ২১ জুন নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বিরোধপূর্ণ ছয়টি ওয়ার্ডের কমিটি স্থগিত করা হয়। কিন্তু পরদিনই কেন্দ্রীয় কয়েকজন নেতা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।

এরপর ২৭ জুন নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০ জনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেন।

পুরনো খবর:

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ‘সমস্যা’ মেটাতে এক মাস সময়