চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ‘সমস্যা’ মেটাতে এক মাস সময়
থানা ও ওয়ার্ড কমিটির বিদ্যমান ‘সমস্যা’ নিরসনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এক মাস সময় বেঁধে দিয়েছেন ওবায়দুল কাদের।
শনিবার নগরীর লেডিস ক্লাবে তৃণমূলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক এ নির্দেশনা দেন।
ওবায়দুল কাদের বলেন, “আজকে এখানে সবাই আছে, শুধু একজন নেই। চট্টগ্রামের রাজনীতিতে তিনি একজনই। তার তুলনা তিনি নিজেই- এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
“এখানে কিছু কিছু সমস্যায় জর্জরিত। এই বার্তা আমাদের কাছে আছে, নেত্রীর কাছেও আছে। পাঁচটি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক মারা গেছেন। ছয়টি ওয়ার্ডে দুটি করে কমিটি। ১৫টি থানায় পূর্ণাঙ্গ কমিটি নেই।”
তিনি বলেন, “সভানেত্রীর বার্তা এই যে- যেখানে দুটি করে কমিটি আছে, সেগুলো বিপদজনক, অবিলম্বে একটি করে কমিটি করে ফেলুন। সভাপতি-সাধারণ সম্পাদক যারা মারা গেছেন সেগুলো পদ পূরণ করুন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অধীনে নগরীতে ১৫টি থানা, ৪৩টি ওয়ার্ড এবং ১২৯টি ইউনিট কমিটি আছে।
প্রয়াত নেতা নগর কমিটির সভাপতি মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও কয়েকজন সহ-সভাপতির দ্বন্দ্বে তৃণমূলের কয়েকটি ওয়ার্ড ও থানায় বিভক্তি সৃষ্টি হয় গত কয়েক বছরে।
তৃণমূলের ইউনিট, থানা ও ওয়ার্ড কমিটিতে এখনো মহিউদ্দিনের অনুসারীদের সংখ্যাই বেশি।
মহিউদ্দিন চৌধুরীকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, “বটবৃক্ষ চলে গেছেন। এখন টিম ওয়ার্ক হতে হবে। একযোগে কাজ করতে হবে। এ গ্রুপ সেই গ্রুপ পরিহার করতে হবে।
নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র কমিটি গঠন এবং পোলিং এজেন্ট নির্ধারণ করে প্রশিক্ষণের আয়োজন করতেও স্থানীয় নেতাদের দেড় মাস সময় বেঁধে দেন দলীয় সাধারণ সম্পাদক।
আবার নির্বাচিত হলে চট্টগ্রামে মেট্রো রেল করার চিন্তাভাবনা আছে বলেও জানান যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি দলীয় নেতাকর্মীদের বলেন, “নিজেদের মধ্যে যেন শত্রুতা না করি। আমরা যদি শত্রুতা করি, আমাদের ক্ষতি করার জন্য বাইরের শক্তির কোনো প্রয়োজন নেই।
“একটা এলাকায় একটা খারাপ লোকের জন্য বেশিরভাগ মানুষ আওয়ামী লীগের ওপর মন:ক্ষুন্ন হবে এরকম লোকের কোনো প্রয়োজন নেই। এগুলোকে বাদ দেন। যাদের কাজের জন্য এত উন্নয়ন এত অর্জন ম্লান হয়ে যাবে এদের আমাদের প্রয়োজন নেই।”
ওবায়দুল কাদের বলেন, “হাতজোড় করে অনুরোধ করছি, প্লিজ, পকেটের রাজনীতি করবেন না। পকেট ভারী করার জন্য খারাপ লোকদের দলে টানবেন না। এটা আত্মবিনাশী।”
এর আগে ওয়ার্ড ও থানার নেতারা তাদের বক্তব্যে জোটের সাংসদের সঙ্গে যোগাযোগ না থাকা, তৃণমূলের সঙ্গে সাংসদ ও নেতাদের দূরত্ব, সহযোগী সংগঠনের নিষ্ক্রিয়তা, ওয়ার্ড পর্যায়ে কয়েকটি কমিটির সম্মেলন না হওয়াসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
শনিবারের সভায় বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বক্তব্য রাখার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।
সভায় নগর আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নগর কমিটির সহ-সভাপতি সাংসদ আফসারুল আমিন, সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ, নঈম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
