নতুন থানায় চন্দনাইশের ইউনিয়নকে চায় না সাতকানিয়াবাসী
চট্টগ্রামে প্রস্তাবিত ‘দোহাজারি-সাঙ্গু’ থানায় চন্দনাইশের কোনো ইউনিয়ন না রাখার পক্ষে সাতকানিয়ার ছয় ইউনিয়নের বাসিন্দারা।
সাতকানিয়া উপজেলার ছয় ইউনিয়নের বাসিন্দারা প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন।
সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালিয়াইশ, কেওচিয়া, বাজালিয়া, ধর্মপুর, পুরাণগর ও খাগরিয়া ইউনিয়ন সাতকানিয়া উপজেলার অধীনে হলেও সংসদীয় আসন চন্দনাইশের সাথে যুক্ত।
“সংসদীয় আসন ও প্রশাসনিক থানা আলাদা হওয়ায় এই ইউনিয়নগুলোর জনগণকে নানা রকম জটিলতায় পড়তে হয়।”
এ জটিলতা থেকে মুক্ত হতে সম্প্রতি উত্তর সাতকানিয়ার এই ছয় ইউনিয়নের সঙ্গে চন্দনাইশ উপজেলার দোহাজারি ও ধোপাছড়ি ইউনিয়ন নিয়ে ‘দোহাজারি-সাঙ্গু’ থানা করার প্রস্তাব করা হয়েছে।
চেয়ারম্যান মনির বলেন, “উত্তর সাতকানিয়ার ছয় ইউনিয়নের সাথে চন্দনাইশের দুটি ইউনিয়ন যুক্ত করে নতুন থানা গঠন করলেও কোনো সুফল পাবে না জনগণ। বর্তমান অবস্থার মতো ভবিষ্যতেও নানা রকম জটিলতার সৃষ্টি হবে।”
চন্দনাইশ উপজেলার ১১টি ও সাতকানিয়া উপজেলায় ১৭টি ইউনিয়ন রয়েছে।
এর মধ্যে চন্দনাইশের ১১টির সাথে সাতকানিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) গঠিত। আর সাতকানিয়া উপজেলার ১১ ইউনিয়নের সাথে লোহাগাড়ার ১১ ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) গঠিত।
চন্দনাইশের দুই ইউনিয়ন যুক্ত না করতে সাতকানিয়ার ছয় ইউনিয়নের জনগণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের আইজি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপিও দিয়েছেন।
কালিয়াইশ ইউনিয়ন চেয়ারম্যান হাফেজ আহমদ, কেওচিয়ার চেয়ারম্যান মনির আহমদ, বাজালিয়ার তাপস কান্তি দত্ত, পুরাণগরের আ ফ ম মাহবুবুল হক, ধর্মপুরের ইলিয়াছ চৌধুরী, খাগরিয়ার চেয়ারম্যান আক্তার হোসেন এ স্মরাকলিপি দিয়েছেন।
শুধু উত্তর সাতকানিয়ার ছয় ইউনিয়ন নিয়ে থানা গঠনের দাবি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, এই ছয় ইউনিয়ন নিয়ে নতুন থানা গঠন করলে জনগণ বৈষম্য থেকে মুক্তি পাবে।
এদিকে চন্দনাইশের দোহাজারি ও ধোপাছড়ি ইউনিয়ন যুক্ত না করার দাবিতে শনিবার সাতকানিয়া কেরাণী হাটে সমাবেশের ডাক দিয়েছে ওই ছয় ইউনিয়নের মানুষ।
