শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধনে দিয়াজ হত্যার আসামিরা
কোটা আন্দোলনকারীদের পক্ষে ফেইসবুকে পোস্ট দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলামের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগের একাংশ, যেখানে দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার কয়েক আসামি অংশ নেন।
বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপুর অনুসারীরা এ মানববন্ধন আয়োজন করে। টিপুসহ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে আগামী রোববারের মধ্যে সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর অন্দোলনের হুমকি দেন আলমগীর টিপু।
টিপুর বিরুদ্ধে নিজ দলের নেতা দিয়াজ হত্যা ও টেন্ডার সন্ত্রাসে সিআরবির জোড়া খুনের অভিযোগ আছে।
মানববন্ধনে টিপু ছাড়াও উপস্থিত ছিলেন দিয়াজ হত্যার আসামি আব্দুল মালেক, আবু তোরাব পরশ, মনসুর আলম, মো. আরমান।
ফেইসবুকে প্রধানমন্ত্রীকে অবমাননার অভিযোগ তুলে গত ১৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের মো. মাইদুল ইসলাম এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক খ. আলী আর রাজীকে চাকরিচ্যুত করার দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি আলমগীর টিপু।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন করে। সোমবার রাতে হাটহাজরি থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন বিলুপ্ত কমিটির সদস্য ও টিপুর অনুসারী ইফতেখারুল আলম।
ছাত্রলীগের হুমকিতে শিক্ষক মাইদুল ক্যাম্পাসের বাসা ছেড়ে দিয়ে নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেন গত সোমবার।
