২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লুট করতে গিয়ে টাকা না পেয়ে খুন ৯ মাসের শিশুটিকে

তিন লাখ টাকা থাকার খবরে লুট করতে গিয়েছিলেন দুই যুবক; কিন্তু টাকা পাননি বলে নয় মাস বয়সী একটি শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা করেন তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2018, 07:28 PM

Updated : 19 Aug 2022, 02:20 PM

চট্টগ্রামের পতেঙ্গায় ঘরে ঢুকে মাকে আটকে রেখে শিশু খুনের মামলায় তিনজনকে গ্রেপ্তারের পর ঘটনাটি উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ।

গত ১৫ জুন ঈদের আগের দিন বিকালে পতেঙ্গার সতীশ মহাজন লেইনের একটি বাসায় ওই দুই যুবক ঢুকে শিশুটির মার কাছ থেকে ২০ হাজার টাকা ও স্বর্ণের আংটিও ছিনিয়ে নিয়ে গিয়েছিল।

এক মাস পর পতেঙ্গার নারিকেল তলা এলাকা থেকে সাজ্জাদ হোসেন (২৫) ও সাইফুল ইসলাম (২২) ও মো. রুবেল ওরফে ভাগিনা রুবেল (২২) নামে তিন যুবককে গ্রেপ্তারের কথা পুলিশ জানিয়েছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (পতেঙ্গা জোন) জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে ও রোববার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

সাজ্জাদ ও সাইফুল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দিও দিয়েছেন বলে জানান তিনি।

Image
পতেঙ্গা থানা

পতেঙ্গা থানা

পুলিশ কর্মকর্তা জাহেদ বলেন, “এই ঘটনার সাথে মোট আটজন জড়িত ছিল। রিপনের প্রতিষ্ঠানের হাবিব নামে এক কর্মচারীর তথ্যের ভিত্তিতে তারা বাসায় টাকা লুট করতে যায়। টাকা না পেয়ে নয় মাস বয়েসী শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যা করে তারা।”

ডাকাতির সময় রিপনের স্ত্রী তাদের নয় মাস বয়েসী মেয়েটিকে নিয়ে গরে ছিলেন। বড় মেয়েকে নিয়ে সাতকানিয়ায় গ্রামের বাড়িতে গিয়েছিলেন রিপন।

রিপনের স্ত্রী চম্পা মিত্রের হাতের আংটি ও বাসায় থাকা ২০ হাজার টাকা নিয়ে গিয়েছিল ডাকাতরা। কিন্তু বাড়িতে তিন লাখ টাকা থাকলেও তা জায়গা মতোই থেকে যায়।

শিশুটির বাবা রিপন মিত্র পতেঙ্গায় থানায় যে মামলা করেছিলেন, তাতেও বাসার ওয়্যারড্রবে তিন লাখ টাকা থাকার কথা উল্লেখ করেছিলেন।

এই কারণে ডাকাতির ঘটনাটিকে রহস্যময় মনে করছিলেন পুলিশ কর্মকর্তারা। থানা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়া তদন্ত শুরু করেছিল।

তাতে বেরিয়ে  আসে, রিপনের কাছে যে তিন লাখ টাকা রয়েছে, তা জেনেই এই ডাকাতির পরিকল্পনা হয়েছিল। কিন্তু রিপনের স্ত্রী জানতেন না যে ঘরে তিন লাখ টাকা রেখেছেন তার স্বামী।

পুলিশ কর্মকর্তা জাহেদ বলেন, গ্রেপ্তার সাজ্জাদ পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী ও চোর। ঘটনার তদন্ত করতে গিয়ে সতীশ মহাজন লেইনের মুখে একটি সিসি টিভি ক্যামেরায় সাজ্জাদের ছবি দেখা যায়।

“বিভিন্ন অনুসন্ধানে সাজ্জাদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর আমরা তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করি। এসময় সে হত্যাকান্ড ও টাকা লুটের বিষয়টি স্বীকার করে।”

জাহেদ বলেন, “রিপন ফ্রেশ কোম্পানির ডিস্ট্রিবিউটর। তার প্রতিষ্ঠানে হাবিব নামে এক যুবক চাকরি করেন। সে (হাবিব) টাকার কথা সাজ্জাদদের জানায়। সেই সঙ্গে বলে যে রিপনের বাসায় স্ত্রী আর শিশুটি ছাড়া কেউ নেই।”

গত ১৪ জুন নারিকেল তলায় বৈঠক করে এই ডাকাতির পরিকল্পনা হয়েছিল বলে পুলিশ জানায়। সেদিন রুবেল ও হানিফ মীর্জা ডাকাতি করতে গিয়েছিলেন বলে গ্রেপ্তারকৃতরা জানায়।

পুলিশ কর্মকর্তা জাহেদ বলেন, “বাসায় তিন লাখ টাকা থাকলেও রিপনের স্ত্রী চম্পা তা জানতেন না। রুবেল ও হানিফ বাসায় ঢুকে চম্পার হাত থেকে মেয়েকে নিয়ে বাথরুমে বালতির পানিতে চুবানোর ভয় দেখিয়ে টাকা দাবি করে।

“ওই সময় চম্পা তার কাছে থাকা ২০ হাজার টাকা ও আংটি দিয়ে দেয়। তবে তিন লাখ টাকা না পাওয়ায় তারা মেয়েটিকে হত্যা করে পালিয়ে যায়।”

পুরনো খবর:

চট্টগ্রামে চার দিনে শিশুসহ চার খুন, গ্রেপ্তার নেই