২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ হাজার ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার

কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2018, 06:48 PM

Updated : 19 Aug 2022, 02:20 PM

মঙ্গলবার ভোরে বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় গ্রীনলাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

গ্রেপ্তার তারেক জামাল (৪৮) নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকার বাসিন্দা। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গ্রেপ্তার এড়াতে চেয়েছিলেন বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। বাস থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তারেক জামালকে গ্রেপ্তার করা হয়।”

ওসি বলেন, “গ্রেপ্তারের পর তারেক নিজেকে ‘সাপ্তাহিক অপরাধ বিচিত্রার’ ঢাকা বিভাগীয় প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। তবে কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি।”

মিয়ানমার থেকে চোরাই পথে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকে ইয়াবা ট্যাবলেট, পরে তা অন্যান্য জেলায় ছড়িয়ে পড়ে।

তারেক কক্সবাজারের উখিয়ার এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো দেড় লাখ টাকায় কিনে ঢাকায় নিয়ে দুই লাখ টাকায় বিক্রির পরিকল্পনা করেছিলেন বলে ওসি প্রণব জানান।

তিনি বলেন, “এর আগেও বিভিন্ন সময়ে সে ইয়াবা পাচার করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।”