চট্টগ্রামে ১৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি বাস স্ট্যান্ড থেকে ১৫ হাজার ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে গ্রেপ্তার তিনজন হলে আজিজুর রহমান, মো. নুরুল ইসলাম ও মো. জসিম উদ্দিন। তিনজনই কক্সবাজার জেলার টেকনাফের বাসিন্দা।
সীতাকুণ্ড থানার ওসি মো. ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে তারা ঢাকা যাচ্ছিলেন।
“কক্সাবাজার থেকে যে বাসে করে এসেছিলেন সেটা থেকে সীতাকুণ্ডে পৌঁছে তারা নেমে যান। ভাটিয়ারি বাস স্ট্যান্ড থেকে অন্য বাসে চড়ে ঢাকা যাওয়ার কথা ছিল তাদের।
“কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে তারা ঢাকায় যাচ্ছিল বলে স্বীকার করেছে। তাদের পায়ের গোড়ালির কাছে কৌশলে ইয়াবার প্যাকেট বাঁধা ছিল।”
ওসি ইফতেখার বলেন, তারা অঙ্গীভূত আনসার সদস্য। দুজন এখন আর আনসার হিসেবে চাকরি করেন না। একজন নগরীর কোতোয়ালী থানার সোনালী ব্যাংকের শাখায় দায়িত্ব পালন করেন।
এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।
