কোটা নিয়ে ফেইসবুক স্ট্যাটাস: সিভাসুর শিক্ষার্থীকে বহিষ্কার
কোটা সংস্কার নিয়ে ফেইসবুকে স্ট্যাটাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) এক শিক্ষার্থী।
‘উস্কানিমূলক ও শৃঙ্খলা পরিপন্থি’ স্ট্যাটাস দেওয়ায় শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রোববার সিভাসুর রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়।
এ নিয়ে মীর্জা ফারুক ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র মীর মোহাম্মদ জুনায়েদ সরকারি চাকরির কোটা বিষয়ে ফেইসবুকে উস্কানিমূলক ও শৃঙ্খলা পরিপন্থি স্ট্যাটাস দেন।”
ফেইসবুকে ‘মীর সাব্বির’ নামে পরিচালিত একাউন্ট থেকে মীর জুনায়েদ ১২ জুলাই সন্ধ্যায় কোটা সংস্কার নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন, সেজন্য তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানান রেজিস্ট্রার।
তিনি বলেন, ওই শিক্ষার্থীর ওই বক্তব্য সিভাসুর ‘রুল রিগার্ডিং জেনারেল ডিসিপ্লিন’র ১৬ ধারার ‘সুস্পষ্ট লঙ্ঘন’।
বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান হলের আবাসিক ছাত্র মীর মোহাম্মদ জুনায়েদ সিভাসুর চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
রেজিস্ট্রার বলেন, “সার্বিক পরিস্থিতি ও অপরাধের গুরুত্ব বিবেচনায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।”
তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রেজিস্ট্রার বলেন, “সাময়িক বহিস্কারের বিষয়টি শিক্ষার্থীর বাড়িতে চিঠি দিয়ে জানানো হয়েছে। যেহেতু বহিষ্কার করা হয়েছে তাই এখন আর ওই শিক্ষার্থী ছাত্রাবাসে থাকতে পারবে না।”
