ঘরে তড়িতাহত হয়ে দুই ভাইয়ের মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ফরহাদাবাদ এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সোয়া ১১টার দিকে পশ্চিম ফরহাদাবাদের আব্বাস তালুকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের মধ্যে বড় ভাই নজরুল ইসলাম (৩৭) দুবাই প্রবাসী। ছোট ভাই সাজেদুল ইসলাম (২৭) নগরীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
স্থানীয় আবুল কাশেম আবুর তিন ছেলের মধ্যে তারা দু’জন বড় ও মেজ।
হাটহাজারী থানার এসআই মাজেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রবাসী নজরুল ইসলাম কয়েক মাস আগে দেশে আসেন। তাদের পুরনো ঘরটি কাঁচা ও ছাদ টিনের।
“পুরনো ঘরের পাশেই নতুন পাকা বাড়ি নির্মাণের কাজ চলছিল। পুরনো ঘরের টিনের চালা বিদ্যুতায়িত হয়ে ছিল। নতুন বাড়ির নির্মাণ কাজের একটি লোহার রড নজরুল ইসলাম ধরে সরাচ্ছিলেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।”
বড় ভাই বিদ্যুৎস্পৃষ্ট হলে সাজেদুল এগিয়ে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন বলে এসআই মাজেদ জানান।
দুই ভাইকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে নজরুল ইসলাম একটি ছেলে সন্তানের জনক।
