২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের কিছু করার নেই, সব কাজ নির্বাচন কমিশনের: কাদের

একাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করাসহ নির্বাচনী সব কাজ নির্বাচন কমিশন করবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2018, 04:36 PM

Updated : 19 Aug 2022, 02:19 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়ার কচুখাইনে বাইপাস সড়কের কাজের অগ্রগতি দেখে সাংবদিকদের সঙ্গে কথা বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে বিদেশি কূটনীতিকদের মন্তব্য ও সরকারের উদ্যোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “উদ্যোগ নেওয়ার কোনো বিষয় নেই। উদ্যোগ নেবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করাসহ সব নির্বাচনী কাজ করবে নির্বাচন কমিশন।”

“এখানে সরকারের করণীয় কিছু নেই। নির্বাচন কমিশন কোনো সহযোগিতা চাইলে সরকার শুধু সেই সহযোগিতা দেবে।”

কাদের বলেন, “বিএনপি যতই রঙিন খোয়াব দেখুক ২০০১ সালের মতো নীলনকশার নির্বাচন বাংলাদেশে আর হবে না।”

নির্বাচনের বছরে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতাদের ভারত সফর নিয়েও কথা বলেন কাদের।

ক্ষমতাসীন বিজেপির (ভারতীয় জনতা পার্টি) আমন্ত্রণে গত ২২ এপ্রিল ওবাদুল কাদেরের নেতৃত্বে ভারত সফরে যায় আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দল।

তিন দিনের সফরে প্রতিনিধি দল লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পার্লামেন্ট অধিবেশন দেখা ছাড়াও বিজেপি নেতা এম জে আকবরের দেওয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করে আওয়ামী লীগ প্রতিনিধি দল।

পরে বিজেপি সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শেষে নৈশ ভোজে অংশে নেন প্রতিনিধি দলের সদস্যরা।

অন্যদিকে জুনের প্রথমদিকে ভারত সফর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর।

তারা অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, রাজীব গান্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক, বাংলাদেশের বর্তমান রাজনীতি ও আগামী নির্বাচন’ শীর্ষক তিনটি সেমিনারে অংশ নেন। এছাড়া ভারতে ক্ষমতাসীন বিজেপি, বিরোধী দল কংগ্রেস নেতাদের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানিয়েছিলেন বিএনপি নেতারা। 

ওবায়দুল কাদের বলেন, “বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের প্রতিনিধি দল সেখানে গেলেও, বিএনপি নেতারা নিজেদের ইচ্ছায় সেখানে গেছেন।”

“নির্বাচন নিয়ে আমরা ভারত সফর করিনি। বিজেপির সেক্রেটারি জেনারেল রামমাধব আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণের কারণে আমার নেতৃত্বে একটি টিম ভারতে গিয়েছিল।”

তবে সেখানে কোনো রাজনৈতিক আলাপ হয়নি দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “ভারতে আমরা পার্টি টু পার্টি, পিপল টু পিপল কন্ট্যাক্টের কথা বলেছি। আমরা আমাদের ইন্টারেস্ট নিয়ে কথা বলেছি।”

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার পাশাপাশি তিস্তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ভারত ‘সেমি গভর্নমেন্ট পর্যায়ের’ ছিল উল্লেখ করে তিনি বলেন, “এর সঙ্গে আওয়ামী লীগ কিংবা বিজেপির কোনো সম্পর্ক নেই।”

নির্ধারিত সময়ের ছয় মাস আগেই পটিয়া বাইপাস নির্মাণ কাজ শেষ হবে বলে জানান ওবায়দুল কাদের।

“৫ দশমিক ২ কিলোমিটারের এই বাইপাস নির্মাণের সময়সীমা আগামী বছরের জুন মাস পর্যন্ত হলেও তার ছয় মাস আগে জানুয়ারিতে সড়কটির নির্মাণ কাজ শেষ হবে।”

ইতোমধ্যে সড়কের সেতু, কালভার্ট নির্মাণ শেষ হয়েছে বলে জানান মন্ত্রী।

এদিকে বহদ্দার হাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত ছয় লেইন সড়ক ও মইজ্জ্যারটেক থেকে ওয়াই জংশন পর্যন্ত চার লেইন সড়কের কাজ ৬০ শতাংশ শেষ হয়েছে বলেও জানান তিনি।

এই সড়কগুলোর মধ্যে ছয় লেইন সড়কে চারটি সেতু ও একটি কালভার্ট নির্মাণের কাজ শেষ হয়েছে। আর চার লেইন অংশে সাতটি কালভার্ট ও দুইটি ওভারপাস নির্মাণ প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

পুরনো খবর:

ভারতের ‘দৃষ্টিভঙ্গির’ পরিবর্তন দেখছেন বিএনপি নেতারা
ভারত নয়, জনগণই ঠিক করবে কে ক্ষমতায় থাকবে: কাদের
বিজেপির আমন্ত্রণে ভারত সফরে আওয়ামী লীগ প্রতিনিধি দল