২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইয়ে ‘জড়িত’ ২ কলেজছাত্র গ্রেপ্তার

চট্টগ্রাম তিন মাস আগে এক ব্যবসা প্রতিষ্ঠানের সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2018, 09:31 PM

Updated : 19 Aug 2022, 02:18 PM

গ্রেপ্তার দুজন হলেন- সাইদুর রহমান ওরফে নিয়াজ ও জালাল উদ্দিন সাইমুন ওরফে অন্তর। তারা দুইজনই চকবাজার এলাকার বেসরকারি চট্টগ্রাম কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

কোতোয়ালি ও চকবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন।

গত ১০ এপ্রিল নিউ মার্কেটের ‘নক্ষত্র’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাড়ে তিন লাখ টাকা ব্যাংক থেকে তুলে প্রতিষ্ঠানে আসার সময় জেল রোড এলাকায় ছিনতাই হয়। দুই যুবকের টাকা নিয়ে টেরি বাজার এলাকা দিয়ে পালানোর দৃশ্য সেখানকার সিসি ক্যামেরায় ধরা পড়ে।

ওসি মহসিন বলেন, “গ্রেপ্তার দুই কলেজছাত্র আজ (মঙ্গলবার) মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে জবানবন্দিতে ছিনতাইয়ে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে।”

এই ছিনতাইয়ে দেলোয়ার, জিসান, হৃদয়, শওকত, রাশেদ নামে আরও কয়েকজনের জড়িত থাকার কথাও বলেছেন তারা।

নিয়াজ আদালতে বলেছেন, ১০ এপ্রিল কলেজে যাওয়ার পথে জিসান ফোন করেন অন্তরকে। সেই ফোন পেয়ে তারা সিরাজদৌল্লা রোডে জিসানের বাসায় গিয়েছিলেন। সেখান থেকে জেল রোডে যান তারা।

নিয়াজের দাবি, জেল রোডে এক ব্যক্তিকে মারধর করে তার কাপড়ের ব্যাগটি ছিনিয়ে নেন জিসান ও হৃদয়। এরপর ব্যাগটি তাকে দিলে তিনি টেরিবাজার এলাকায় একটি মার্কেটে ঢুকে পড়েন।

সেখান থেকে একটি মন্দিরে ঢুকলে লিটন নামে একজন টাকার ব্যাগসহ নিয়াজকে আটকে রাখেন।

নিয়াজ বলেন, তখন ফয়সাল নামে তাদের ‘পলিটিক্যাল বড় ভাই’ সেখানে গিয়ে তাকে ছাড়িয়ে আনেন।

পুরনো খবর:

কয়েক ঘণ্টার ব্যবধানে দুই প্রতিষ্ঠানের ১২ লাখ টাকা ছিনতাই