সিআরবিতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪
চট্টগ্রামে পূর্ব রেলের সদর দপ্তর সিআরবি এলাকায় একটি সমিতির অফিস দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
সংঘর্ষের পর রোববার বিকাল পর্যন্ত একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিআরবিতে রেলওয়ে সমবায় ঋণদান সমিতির কার্যালয়ে এই সংঘর্ষ নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।
কোতোয়ালি থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমিতির কমিটি নিয়ে দুই পক্ষের বিরোধ আছে। উচ্চ আদালত থেকে আগের কমিটি বহাল রাখার আদেশ পেয়েছেন বলে এক পক্ষের দাবি। অন্য পক্ষের দাবি, সমবায় কার্যালয় সমিতির নতুন কমিটি করে দিয়েছে।
“এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে চার-পাঁচজন আহত হয়েছে। মো. আলী নামের একজনকে আমরা ঘটনাস্থল থেকে আটক করেছি।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিআরবি থেকে আহত কেউ এখানে চিকিৎসা নিতে আসেনি।
ওসি মহসিন জানান, সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। এলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
