লেভেল প্লেয়িং ফিল্ড হলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে: নোমান
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডে’ নির্বাচন হলে মন্ত্রিসভার অনেক সদস্যের জামানত বাজেয়াপ্ত হবে।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে শনিবার আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ হয়।
প্রধান অতিথির বক্তব্যে নোমান বলেন, “বেগম খলেদা জিয়াকে বন্দি রেখে ৫ জানুয়ারি মার্কা আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতাকে কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে।
সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেন, সরকারের পায়ের নীচ থেকে মাটি সরে গেছে, তা তারা বুঝতে পারছেনা। মন্ত্রিসভার কিছু সদস্য প্রতিনিয়ত বিএনপির সমালোচনা করে যাচ্ছে।
“লেভেল প্লেয়িং ফিল্ডে নিবার্চন হলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। গণ আন্দোলন কখনো ব্যর্থ হয় না। আন্দোলনের সফলতা আসবেই, তবে আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে।”
তিনি বলেন, “সরকার গুণ্ডাবাহিনী দিয়ে কোটা আন্দোলনকারীদের ওপর যে নির্যাতন করেছে তা নজিরবিহীন। কোটা সংস্কার নিয়ে সরকার দ্বৈতনীতি গ্রহণ করেছে, একদিকে ছাত্রদের ওপর হামলা চালিয়ে তাদেরকে দমন করছে আর অন্যদিকে দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়ে কমিটি করা হয়েছে।”
নোমান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। বৃহত্তর পরিসরে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সঙ্কট থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বিএনপি নেতা এম এ হালিম, আবদুস সাত্তার, নুরুল আলম রাজু, শেখ নুরুল্লাহ বাহার, আবদুল মান্নান, আহমেদুল আলম রাসেল, ইউনুচ চৌধুরী, নুরুল আমিন, আবদুল আউয়াল, ড. সিদ্দিক আহমেদ চৌধুরী ও মামুনুল ইসলাম হুমায়ুন বক্তব্য রাখেন।
