২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় হাজার ইয়াবা জব্দ, গ্রেপ্তার তিন

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ছয় হাজার পিস ইয়াবা জব্দ এবং রোহিঙ্গাসহ  তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2018, 08:15 PM

Updated : 19 Aug 2022, 02:16 PM

শনিবার ভোরে নগরীর রেল স্টেশন এলাকা থেকে মনজুর আলম (২৯) নামের এক রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেকনাফের দক্ষিণ লেদা থেকে আড়াই হাজার ইয়াবা নিয়ে তিনি নগরীতে আসেন।

“কয়েক বছর আগে মনজুর মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন বলে জানিয়েছেন।”

এদিকে নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে অধিদপ্তর আব্দুর রহিম সোহেলকে (১৮) গ্রেপ্তার করে।

সোহেল টেকনাফের পালংখালি এলাকার বাসিন্দা। তার কাছ থেকে দুই হাজার ১৪০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে শনিবার বিকালে নগরীর কর্ণফুলী সেতু সংলগ্ন বশিরুজ্জামান চত্বর থেকে এস আলম বাসের যাত্রী আবুল কালামকে (৪৫) গ্রেপ্তার করে অধিদপ্তরের অন্য একটি দল।

পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, পায়ুপথে এক হাজার ২৮৫ টি ইয়াবা নিয়ে তিনি টেকনাফের হোয়াইকং থেকে নগরীতে আসছিলেন।