চট্টগ্রামে ম্যানহোলে কিশোর, ২ ঘণ্টা পর উদ্ধার
টানা বৃষ্টির মধ্যে নগরীর আগ্রাবাদ এলাকার একটি ম্যানহোল থেকে এক কিশোরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে আগ্রাবাদ শেখ মুজিবুর রোডের আইয়ুব ট্রেড সেন্টারের কাছে একটি ম্যানহোলে কান্না শুনতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বেলা সোয়া ২টার দিকে ছেলেটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বন্দর থানার ওসি ময়নুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৩ বছর বয়সী ওই কিশোরের নাম মোশাররফ। তার বাবার নাম আবদুর রউফ, বাসা আগ্রাবাদ কমার্স কলেজ রোডে।
হাসপাতালে ছেলেটি এখন সুস্থ আছে জানিয়ে ওসি বলেন, মোশাররফ কীভাবে ওই ম্যানহোলে পড়ে গেল, তা তারা জানতে পারেননি।
