২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমর চৌধুরীর মুক্তিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা মেয়েদের

‘প্রবাসীর প্ররোচনায় অস্ত্র ও ইয়াবা দিয়ে ফাঁসানো’ শিক্ষানবিশ আইনজীবী সমর কৃঞ্চ চৌধুরীর মুক্তিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে তার পরিবার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2018, 11:39 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ হস্তক্ষেপ কামনা করেন সমরের দুই মেয়ে অলকানন্দা চৌধুরী ও তমালিকা চৌধুরী।

জায়গা-জমি নিয়ে এক ব্যক্তিকে সহযোগিতার জেরে লন্ডনপ্রবাসী সঞ্জয় দাশের প্ররোচনায় গত ২৭ মে বোয়ালখালী থানা পুলিশ ষাটোর্ধ্ব সমরকে তুলে নিয়ে ইয়াবা ও অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেয় বলে অভিযোগ।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পর্যায়ে ব্যাপক আলোচনার ঝড় তোলে।

অলকানন্দা সংবাদ সম্মেলনে বলেন, “প্রবাসীর প্ররোচনায় দেওয়া মিথ্যা মামলায় আমার বাবা গত একমাস বিনাদোষে কারাভোগ করছেন। দুটির মধ্যে ইয়াবার মামলায় জামিন হলেও অস্ত্র মামলায় জামিন মেলেনি।”

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কারাগারে আমার বাবা দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন। আর কিছুদিন কারাগারে থাকলে আমার ৬৫ বছর বয়সী বৃদ্ধ বাবাকে আর বাঁচানোও যাবে না।”

সমরের পরিবারের অভিযোগ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি প্রবাসী সঞ্জয়ের প্ররোচনায় সমরকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করিয়েছেন।

Image
সমর কৃষ্ণ চৌধুরী

সমর কৃষ্ণ চৌধুরী

অলকানন্দা বলেন, বোয়ালখালীর লন্ডনপ্রবাসী সঞ্জয় দাশের সঙ্গে তার কাকা স্বপন দাশের জমি নিয়ে বিরোধ আছে। তার বাবা স্বপন দাশকে আইনগত পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছেন।

“সেজন্য সঞ্জয় দাশ পুলিশকে দিয়ে আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছেন। গত এক বছর ধরে সঞ্জয় গ্রামে পুলিশকে টাকা দিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছেন। তার এহেন আচরণের বিচার কার কাছে চাইব?”

সংবাদ সম্মেলনে সমর চৌধুরীর দুই মেয়ের সঙ্গে স্বপন দাশও ছিলেন। এছাড়াও ছিলেন স্বজন বনবিহারী চৌধুরী, মধুসূধন চৌধুরী এবং তাদের এলাকার ইউপি সদস্য সুরেশ চৌধুরী।

সংবাদ সম্মেলনে স্বপন দাশ বলেন, “গত বছর হঠাৎ করে সঞ্জয় লন্ডন থেকে এসে ডিআইজি অফিসে আমাদের বিরুদ্ধে অভিযোগ করে, আমরা নাকি তাদের জায়গা দখল করে রেখেছি।

“প্রতিবাদের পর সঞ্জয় আমাদের উপর ক্ষুব্ধ হয় এবং আমাদের পরিবারের বিরুদ্ধে এ পর্যন্ত সাতটি মিথ্যা মামলা দিয়েছে। মামলায় আমি ও আমার এক ভাইপো কয়েকদফায় জেলও খেটেছি।”

“তার অত্যাচার থেকে আমরা বাঁচতে চাই,” বলেন স্বপন।

পুরনো খবর:

পুলিশের বিরুদ্ধে পক্ষ নিয়ে হয়রানির অভিযোগ