চবির বাজেট ৩২৯ কোটি টাকার
বরাবরের মত এবছরও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারির বেতন খাতকে অগ্রাধিকার দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৩২৯ কোটি ৫০ লাখ টাকার বাজেট পেশ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ড. এ আর মল্লিক প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ৩০তম সিনেট সভায় এই বাজেট উপস্থাপন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ কে এম নুর আহমদ।
চলতি অর্থবছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়সহ ৪৩১ কোটি ৬৩ লাখ টাকার চাহিদার বিপরীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাদ্দ দেয় ৩১৩ কোটি টাকা। যেখানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ১৬ কোটি ৫০ লাখ টাকা।
ঘোষিত বাজেটে দেখা যায়, প্রতিবারের মতো এবারও বাজেটের বেশিরভাগ ১৯৮ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা প্রদানে।
গবেষণা ও বই-সাময়িকী কেনায় বরাদ্দ রাখা হয়েছে দুই কোটি ৯৯ লাখ টাকা। যেখানে গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে দুই কোটি ২৫ লাখ এবং বই-সাময়িকী কেনার জন্য ৭৪ লাখ টাকা।
বাজেট অধিবেশনে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর কাছ থেকে বছরে আদায় করা হয় এক হাজার ৭৭৫ টাকা। তার বিপরীতে খরচ করা হয় এক লাখ নয় হাজার ৭৭৪ টাকা।”
সভায় হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ড. সুলতান আহমেদ সিনেট নির্বাচন ও বিশ্ববিদ্যালয় লাইব্রেরি আধুনিকায়ন করার দাবি জানান।
দর্শন বিভাগের শিক্ষক মনসুর উদ্দিন আহমদ চাকসু নির্বাচনের দাবি জানান।
শিক্ষক প্রতিনিধিরা তাদের বিভিন্ন দাবি দাওয়ার বিষয়ে কথা বললেও চাকসু না থাকায় অধিবেশনে কোনো ছাত্র প্রতিনিধি ছিলেন না।
আলোচনায় অংশ নেন সিনেট সদস্য ও ইউজিসি চেয়ারম্যান আব্দুল মান্নান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শামসুদ্দীন, রেজিস্ট্রার্ড গ্রজুয়্যেট সদস্য এসএম ফজলুল হক, মঞ্জুরুল আমিন চৌধুরী, অ্যধাপক বেনু কুমার দে, ড. এম আব্দুল গফুর, নাসিম হাসানসহ বিভিন্ন ক্যটাগরির সদস্যরা।
