২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হত্যার সন্দেহভাজন গ্রেপ্তারের পর গুলিবিদ্ধ

চট্টগ্রামে এক যুবককে হত্যায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তারের পর একজন গুলিবিদ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2018, 07:43 PM

Updated : 11 Oct 2022, 12:27 PM

পুলিশ কর্মকর্তারা বলছেন, মো. তৈয়ব (২৪) নামে ওই যুবককে গ্রেপ্তারের পর মধ্যরাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গিয়ে ফেরার পথে সন্ত্রাসী হামলা হয় তাদের উপর, যাতে তৈয়ব গুলিবিদ্ধ হওয়ার পর পাশাপাশি সাত পুলিশ সদস্য আহত হন।

পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে পাঁচলাইশ থানার আতুরার ডিপো ১৪ নম্বর গলির মুখে ছূরিকাঘাত করা হয় সাইদুল ইসলাম অনিক (২০) ও তার বন্ধু হারুণ অর রশিদ সম্রাটকে (২০)।

আহতাবস্থায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করেন। 

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক তদন্তে নারী কেন্দ্রিক বিষয় নিয়ে দুইপক্ষের দ্বন্ধে অনিক খুন হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

Image
তৈয়বের সঙ্গে গ্রেপ্তার মো. রাসেল

তৈয়বের সঙ্গে গ্রেপ্তার মো. রাসেল

তিনি বলেন, অনিক খুন হওয়ার পর পাঁচলাইশ থানা পুলিশের কয়েকটি দল অভিযান শুরু করে। রাত সাড়ে ১২টার দিকে জাঙ্গালপাড়া এলাকা থেকে তৈয়ব ও মো. রাসেল (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

“জিজ্ঞাসাবাদে তারা নিজেদের হেফাজতে থাকা ছুরি ও পিস্তলের সন্ধান দিলে বুইজ্জ্যা পুকুরপাড় এলাকায় তৈয়বকে নিয়ে অভিযানে যায় পুলিশ। সেখানে একটি জঙ্গলের ভেতর থেকে রক্তমাখা ছুরি ও খুনের সময় তাদের কাছে থাকা বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

“অভিযান শেষে ফেরার পথে তৈয়বের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। তখন পুলিশও আত্মরক্ষায় পাল্টা ছয় রাউন্ড গুলি ছোড়ে। দুইপক্ষের গুলি বিনিময়ে তৈয়ব ডান পায়ে গুলিবিদ্ধ হয়।”

এ সময় এসআই কাওসার আহমেদ, আব্দুল মোতালেব, আব্দুল মোমিন, এএসআই প্রাণেশ্বর দাশ, কনস্টেবল আফজাল খান, সাইফুর রহমান ও মো. জাহিদুল নামে সাত পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছেন পরিদর্শক ওয়ালী উদ্দিন।

তৈয়বকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

হত্যাকাণ্ডে জড়িত অন্যদের ধরতেও পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওয়ালী উদ্দিন।