চট্টগ্রামে ‘অজ্ঞান পার্টির’ ৪ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেল স্টেশন এলাকা থেকে ‘অজ্ঞান পার্টির’ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- রফিক মিয়া বাবুল (৫০, মনির (৩৫), মেহেদী হাসান (২৮) ও সাহাবুদ্দিন (৩০)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালী থানার ওসি মো. মহসিন জানিয়েছেন।
তাদের কাছ থেকে তিনটি ছুরি এবং দুই ধরণের ১৫ পাতা ওষুধ উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টেশনসংলগ্ন সিটি করপোরেশনের গণ শৌচাগারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
“তারা জানিয়েছে, বাড়িমুখী ট্রেন ও বাসযাত্রী মানুষের সাথে ভাব জমিয়ে ডাবের পানি, চা ও পানের সাথে এসব ওষুধ মিশিয়ে খাইয়ে অজ্ঞান করা হয়। তারপর যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নেয়।
“এই পরিকল্পনা ব্যর্থ হলে ছোরার ভয় দেখিয়ে মালামাল, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা করেছে।
