চট্টগ্রামে ১৯ টিকেটসহ ৪ কালোবাজারী গ্রেপ্তার
চট্টগ্রাম রেল স্টেশনের অদূরে নিউমার্কেট এলাকা থেকে বিভিন্ন ট্রেনের ১৯টি টিকেটসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাতে মো. শাহ আলম (৪৮), প্রদীপ পাল (৪০), শাহ আলম ওরফে জামাই শাহ আলম (৩৬) এবং দেলোয়ার হোসেন ওরফে হাসানকে (৩৮) আটক করা হয়।
তাদের কাছ থেকে সোনার বাংলা, তূর্ণা একপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস ও মহানগর গোধূলী ট্রেনের ১৯টি টিকেট উদ্ধার করা হয়। এই ১৯টি টিকেটে বিভিন্ন তারিখের মোট ৪৩টি আসন বরাদ্দ ছিল।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াস খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিউমার্কেট এলাকায় কালোবাজারে ট্রেনের টিকেট বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
“আমরা সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে শাহ আলম ও প্রদীপ পালকে আটক করা হয়। তাদের দেহে তল্লাশি চালিয়ে কয়েকটি ট্রেনের টিকেট পাওয়া যায়। তাদের দেওয়া তথ্যমতে স্টেশন রোডের প্যারামাউন্ট স্টোরের গলি থেকে অন্য দুজনকে কালোবাজারের টিকেটসহ আটক করা হয়।”
পুলিশ পরিদর্শক ইলিয়াস বলেন, ওই চারজন জানিয়েছে তারা রেলের কিছু কর্মচারী ও নিরাপত্তা রক্ষীদের মাধ্যমে এসব টিকেট সংগ্রহ করে এবং উচ্চমূল্য বিক্রি করে।
“শাহ আলম ও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে টিকেট কালোবাজারির একাধিক মামলাও আছে।”
এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে গোয়েন্দা পুলিশ।
