চট্টগ্রাম নগরীতে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রামে ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
নগরীর চকবাজার থানার কলেজ রোড থেকে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার তিন যুবক- মো. আহসান উল্লাহ হাবিব (১৯), মো. সোহেল (২০) ও মো. মানিক (২৫)।
র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতে কলেজ রোডে একটি সিএনজি অটো রিকশা থামিয়ে যাত্রীদের কাছ থেকে ছিনতাই করে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কলেজ রোডে র্যাবের একটি দল ডিউটিতে ছিল। ছিনতাই করে পালানোর সময় তাদের আটক করে র্যাব সদস্যরা। এসময় তাদের তল্লাশি করে তিনটি ছোরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করা হয়েছে।
