বৃষ্টিতে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ
বৃষ্টির পানিতে ঢুবে যাওয়ায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার দুপুর থেকে টানা বর্ষণের মধ্যে সন্ধ্যার পর থেকে এই সড়কের রাউজান অংশে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পৌর সদরের সাত-আটটি স্থানে মূল সড়কের উপর পানি জমে গেছে। কিছু রিকশা-ভ্যান চলাচল করছে। তবে যান্ত্রিক যানবাহন চলতে পারছে না। পানি কিছুটা কমেছিল কিন্তু রাত ৯টার পর বৃষ্টির বেগ বেড়ে যাওয়ায় আবার বাড়তে শুরু করেছে।"
স্থানীয়রা জানান, রাউজান সদরের দাইয়ার ঘাটা এলাকায় সড়কে সবচেয়ে বেশি পানি উঠেছে।
চট্টগ্রাম নগরী থেকে রাউজান সদর হয়েই পার্বত্য জেলা রাঙামাটি জেলার মূল সড়ক।
এদিকে সোমবার সন্ধ্যা থেকে নগরীতে মুষলধারে বৃষ্টি শুরি হয়েছে। টানা রাত সাড়ে ১০টা পর্যন্ত ভারি বৃষ্টি হয়। এরপর বৃষ্টির বেগ কিছুটা কমে।
বৃষ্টির কারণে নগরীর দুই নম্বর গেট, আল ফালাহ গলি, প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, আমতল, চকবাজার, বাদুরতলা, সিডিএ আবাসিক এলাকা, বাকলিয়ার কিছু অংশ এবং হালিশহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এর আগে রোববার রাতেও এসব এলাকাসহ নগরীর বেশকিছু এলাকা তলিয়ে গিয়েছিল।
“সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, এখনো হচ্ছে। লঘুচাপ এবং সঞ্চলনশীল মেঘমালার কারণে মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা আছে।"
এর আগে সোমবার বেলা ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছিল পতেঙ্গা আবহাওয়া অফিস।
রোববার ভারি বষর্ণের পর নগরীর সাতটি পাহাড় থেকে ঝঁকিপূর্ণভাবে বসবাসকারী সাড়ে চারশ পরিবারকে সরিয়ে নেওয়ার পাশাপাশি পাহাড়ের শতাধিক ঝুঁকিপূর্ণ ঘর ভেঙে দেয় চট্টগ্রাম জেলা প্রশাসন।
