২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দুকযুদ্ধে নিহত ‘ইয়াবা কারবারি’ আলোর সহযোগী গ্রেপ্তার

তিন বছর আগে চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ‘ইয়াবা কারবারি’ জাহিদুল ইসলাম ওরফে আলোর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 09:28 PM

Updated : 19 Aug 2022, 02:10 PM

মাদক ব্যবসায়ীদের আর্থিক অবস্থা তদন্ত করতে গিয়ে মাহমুদুল হাসান (৪০) নামের এ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আসলাম খান বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদক ব্যবসায়ীদের আর্থিক হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে আমরা তদন্ত করে আসছি। এর অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তার মাহমুদুল হাসান ২০১৫ সালে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত আলোর সহযোগী বলে জানান তিনি।

মাহমুদুলের অ্যাকাউন্টে বেশ কিছু অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানান অধিদপ্তর কর্মকর্তা আসলাম।

নোয়াখালীর বাসিন্দা হলেও মাহমুদুল হাসান চট্টগ্রামের হালিশহর ‘আই ব্লকে’ নিজস্ব বাড়ি তৈরি করে বাস করেন।

অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তার মাহমুদুল হাসানের নামে বিভিন্ন ব্যাংকে ২৬টি অ্যাকাউন্ট পাওয়া গেছে। তার মধ্যে ঢাকা ব্যাংকের হালিশহর শাখায় একটি অ্যাকাউন্টে পাওয়া গেছে ১০ কোটি টাকা।

তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। টাকাগুলোর সঠিক কোন হিসাব সে দিতে পারেনি।

হালিশহর আই ব্লকে একটি ওষুধের দোকান চালান মাহমুদুল।

মাহমুদুলের অ্যাকাউন্টগুলো জব্দ করার পাশাপাশি তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পুরনো খবর:

চট্টগ্রামে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে ‘ইয়াবা কারবারি’ আলো নিহত