চট্টগ্রামে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে ‘ইয়াবা কারবারি’ আলো নিহত
চট্টগ্রামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন, যিনি গতবছর প্রায় সোয়া দুই লাখ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন।
সোমবার সকালে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত জাহিদুল ইসলাম ওরফে আলো (৩৫) চট্টগ্রামের একজন ‘শীর্ষ ইয়াবা চোরাকারবারি’।
সোমবার ভোর ৩টার দিকে আকবর শাহ এলাকার পাকা রাস্তার মাথায় গোলাগুলিতে আলো নিহত হন বলে জানান তিনি।
দুপুরে র্যাব-৭ এর সদর দপ্তরে ওই ঘটনার বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করা হয়।
র্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর সাহিদ সরোয়ার জানান, রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আকবর শাহ থানার বন্দর-ভাটিয়ারি টোল রোড এলাকায় র্যাবের একটি টহল দল একটি হলুদ পিকআপের পেছনে দুজন ব্যক্তিকে আলাপরত অবস্থায় দেখতে পায়।
“এসময় র্যাবের টহল গাড়ি দেখে পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল কমান্ডার ডিএডি অসিত কুমার নন্দী তাদের থামার সংকেত দেন। এসময় ওই গাড়ি থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।”
উভয় পক্ষের গুলি বিনিময়ের এক পর্যায়ে পিকআপটি পালিয়ে চট্টগ্রাম শহরের দিকে চলে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পাওয়া যায় বলে জানান মেজর সহিদ।
আকবর শাহ থানা পুলিশের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
“নিহত ব্যক্তির পকেটে থাকা কাগজপত্র দেখে সে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী আলো বলে নিশ্চিত হয় র্যাব,” বলেন মেজর সাহিদ।
গোলাগুলির সময় র্যাবের ডিএডি অসিতের বুলেটপ্রুফ জ্যাকেটে দুটি গুলি লাগে এবং তাকেও চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ঘটনাস্থল থেকে ২০ হাজারটি ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, দুটি পিস্তলের এবং দুইটি রিভলবারের গুলির খালি খোসা পাওয়া যায় র্যাব জানিয়েছে।
র্যাব কর্মকর্তা সাহিদ জানান, গত বছরের ডিসেম্বরে নগরীর হালিশহর এলাকা থেকে আলোকে গ্রেপ্তারের পর ২ লাখ ১৫ হাজার ৩১৪টি ইয়াবা, একটি বিদেশি পিস্তল, প্রাইভেট কার, মোটর সাইকেল উদ্ধার করা হয়।
ওই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়। তবে পরে জামিনে ছাড়া পান আলো।
গত ২২ জুলাই রাতে বন্দর থানার নিমতলা বিশ্বরোড এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ আলোর দুই সহযোগী মো. জাকির হোসেন (২৬) ও মো. জসিম উদ্দিন রানাকে (৩৫) গ্রেপ্তার করে র্যাব।
এ ঘটনায় করা মামলায়ও আলোকে আসামি করা হয় বলে জানান মেজর সাহিদ।
