‘পাহাড় ধ্বংসকারীরা জাতীয় শত্রু’
পাহাড় ধ্বংসকারীদের ‘জাতীয় শত্রু’ আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে চট্টগ্রামে এক সভা থেকে।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সভা থেকে এই আহ্বান জানানো হয়।
১১ জুনকে জাতীয় পাহাড় রক্ষা দিবস ঘোষণার দাবিতে পিপল্স ভয়েস (একটি পরিবেশবাদী নাগরিক আন্দোলন), কারিতাস চট্টগ্রাম অঞ্চল ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
২০০৭ সালের ১১ জুন মধ্যরাতে প্রবল বর্ষণের পর পাহাড় ধসে কুসুমবাগ, কাইচ্যাঘোনা, সেনানিবাসের লেডিস ক্লাব সংলগ্ন লেবুবাগান, বায়েজিদ বোস্তামী, লালখান বাজারের মতিঝর্ণা পাহাড়সহ সাতটি স্থানে পাহাড়ধসে নিহত হন ১২৭ জন।
২০০৮ সাল থেকেই ১১ জুনকে পাহাড় রক্ষা দিবস ঘোষণার দাবিতে কর্মসূচি পালন করা হচ্ছে।
নাগরিক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম বলেন, “চট্টগ্রামের পাহাড়খেকোদের কারণে প্রতি বছর অসহায় মানুষের প্রাণহানি ঘটে। গত বছর রাঙামাটিতে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের কারণও পাহাড় কাটা। শতাধিক মানুষ মারা গেল। অথচ সেখানেই আবার মানুষ বসবাস করছে।
“কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার নামে শত শত পাহাড় নির্বিচারে কাটা হয়েছে। এভাবে আমাদের পরিবেশের ভয়াবহ ক্ষতিসাধন করা হচ্ছে। বছরের পর বছর ধরে এসব বিষয়ে আশ্বাস দিয়ে প্রশাসন কিছুই করেনি।”
তিনি বলেন, “এখন সাধারণ মানুষের ঐক্য দরকার। একমাত্র ঐক্যবদ্ধ জনতার লড়াই ও প্রতিরোধই পারে পাহাড়খেকোদের হাত থেকে দেশকে রক্ষা করতে। পাহাড় রক্ষায় ১১ জুনকে জাতীয় পাহাড় রক্ষা দিবস ঘোষণা করতে হবে।”
সভায় প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, প্রশাসন পাহাড় রক্ষার নামে প্রহসন শুরু করেছে। ২০০৭ সালে এত প্রাণহানির পর গত ১২ বছরে মাত্র ১৮ বার বৈঠক করেছে। মানে যেবার বিপর্যয় বেশি হয়েছে সেবার বছরে দুবার আর অন্য বছর একবার করে বৈঠক করেই দায়িত্ব সেরেছে।
“পাহাড়ে বসবাসকারী দরিদ্র মানুষগুলোকে উচ্ছেদের নামে তারা প্রতি বর্ষায় নাটক করে। অথচ পাহাড় দখল করে যারা ঘর বাড়ি নির্মাণ করে সেই দুবৃর্ত্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়না।”
শিক্ষক নেতা অধ্যাপক অশোক সাহা বলেন, বাংলাদেশে মৃত্যুর খেলা শুরু হয়েছে। শুধু পাহাড় কাটা নয় সব ক্ষেত্রেই অবিরাম মানুষের মৃত্যু হচ্ছে। এই মৃত্যুর খেলা বন্ধ করতে হবে।
পরিবেশবিদ অধ্যাপক ড. ইদ্রিস আলী বলেন, নির্বিচারে পাহাড় কেটে পরিবেশের যে ক্ষতি সাধন করা হয়েছে তা অপূরণীয়। পরিবেশকে বাঁচাতে হলে এখনই রুখে দাঁড়াতে হবে। তা না হলে অল্প কয়েকদিনের মধ্যেই চট্টগ্রামে আর কোনো পাহাড়ের অস্তিত্ব থাকবে না।
সভায় সভাপতির বক্তব্যে পিপল্স ভয়েসের সভাপতি শরীফ চৌহান বলেন, পাহাড় জাতীয় সম্পদ। পাহাড়ের মালিক বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ। অথচ বড় বড় শিল্প গোষ্ঠী পাহাড়ের দখল নিয়ে তা লুটে খাচ্ছে।
“সীতাকুণ্ডে পিএইচপি, কেএসআরএম আর জিপিএইচের মত শিল্পগোষ্ঠী পাহাড় কাটছে। ২০০৭ সালের পর থেকে পাহাড় কাটা থামেনি বরং আরও বেড়েছে।”
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজ, অমর বিন্দু চৌধুরী, সাংবাদিক আবছার মাহফুজ ও আলোকময় তলাপাত্র, উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, সাংস্কৃতিক সংগঠক রাশেদ হাসান ও সুনীল ধর, শিক্ষিকা সালমা জাহান মিলি ও মাগ্রেট মনিকা জিনস, উন্নয়কর্মী নারগিস চৌধুরী ও এরশাদুল করিম, পিপল্স ভয়েসের সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আতিকুর রহমান, রুবেল দাশ প্রিন্স প্রমুখ।
সমাবেশ থেকে অবিলম্বে পাহাড় কাটা বন্ধ, অবৈধ দখলদারদের উচ্ছেদ, পাহাড় রক্ষা কমিটির সকল সুপারিশ বাস্তবায়ন, পাহাড়খোকেদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার করে বিচার শুরুর দাবি জানানো হয়।
প্রতিবারের মত এবারো স্মরণ সভা শেষে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
