২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তড়িতাহত হয়ে ৩ জনের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 01:34 PM

Updated : 08 Apr 2022, 06:31 PM

এরমধ্যে জলাবদ্ধতার কারণে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- ফাতেমা আক্তার মিম (৮), শহীদুল ইসলাম (১৯) এবং বিদ্যুৎমিস্ত্রি এক তরুণ (২০), যার নাম জানা যায়নি।

ফাতেমা নগরীর বাকলিয়া থানার মরিচের মিল এলাকার শাহ আলমের মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাকলিয়ার মরিচের মিল এলাকায় রাতে পানি উঠেছিল। তখন ফাতেমা বাসার দরজা ধরে দাঁড়ালে বিদ্যুতায়িত হয়।”

রাত ১০টার দিকে ফাতেমাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শহীদুল নগরীর দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি বাঁশখালী উপজেলার মকবুল আহমদ বাড়ির বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে।

এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে কদমতলি ফ্লাইওভার দিয়ে হেঁটে নিউমার্কেটে যাচ্ছিলেন শহীদুল।

“ফ্লাইওভারের বিআরটিসি অংশে জমে থাকা পানিতে পা দিলে শহীদুল বিদ্যুৎস্পৃষ্ট হন। রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এদিকে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নিউ মার্কেটের ছাদে আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতনামা ওই তরুণ মারা যান।

ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নানের নেতৃত্বে একটি দল তাকে উদ্ধার করে।