২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাদক আইনের মামলায় পলাতকের যাবজ্জীবন

১৭৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তারের ঘটনায় মাদক আইনের মামলায় পলাতক এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 02:02 PM

Updated : 19 Aug 2022, 02:09 PM

বুধবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শাহাদাত হোসেন ভুঁইয়া এ রায় দেন।

দণ্ডিত মো. জাহিদ হোসেন রুবেল (২০) কুমিল্লা জেলার দেবীদ্বার থানার দামতি সরকার বাড়ি এলাকার জামাল সরকারের ছেলে।

মামলা চলাকালে ২০১২ সালের ১৯ নভেম্বর জামিন নিয়ে পলাতক হন রুবেল।

জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অজয় বোস রিংকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে ১৭৯ বোতল ফেনসিডিল রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

“পাশাপাশি এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের সাজা দিয়েছেন। এছাড়া ২ কেজি গাঁজা রাখার অভিযোগে এক বছরের সশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।”

উভয় সাজা একই সাথে কার্যকর হবে বলে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে নগরীর পুরাতন রেল স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে গোপন সংবাদের ভিত্তিতে রুবেলকে আটক করে র‌্যাব।

এসময় তার মাথায় থাকা একটি বস্তায় ১৭৯ বোতল ফেনসিডিল এবং ২ কেজি গাঁজা পাওয়া যায়।

এ ঘটনা র‌্যাবের সেসময়ের ডিএডি মনসুর আহমদ বাদি হয়ে মামলা করেন। সে বছরের ৩ জুলাই ওই মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। এরপর ২০১২ সালের ১৯ নভেম্বর জামিন নেন আসামি রুবেল।

২০১৩ সালের ১ এপ্রিল মামলায় অভিযোগ গঠন করে আসামি রুবেলের জামিন বাতিল করলে সে পলাতক হয় বলে জানান আইনজীবী অজয় বোস রিংকু।