তিন শিক্ষার্থীর জবানবন্দিতে ব্যাংক কর্মকর্তা সজল নন্দীকে ‘হত্যার বিবরণ’
চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা সজল নন্দীকে হত্যায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার তিন শিক্ষার্থী, যারা নিহতের ছেলের বন্ধু হিসেবে তার বাসায় গিয়েছিলেন।
শুক্রবার চট্টগ্রামের মহানগর হাকিম আল ইমরান খানের আদালতে তারা জবানবন্দি দেন।
এরা হলেন- নগরীর একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জয় বড়ুয়া চৌধুরী (১৮), ১৬ বছর বয়সী মেহেল আফজল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্র এবং বেগমজান উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি উত্তীর্ণ আরেক ছাত্র।
এই তিনজন খুন হওয়া সজল নন্দীর ছেলে সৈকত নন্দীর বন্ধু বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জবানবন্দিতে তারা ঘটনার দিন ওই বাসায় যাওয়া থেকে শুরু করে হত্যার পুরো বর্ণনা দিয়েছে।”
রোববার সকালে নগরীর সল্টগোলা ক্রসিং এলাকার নিজ বাসা থেকে রূপালী ব্যাংকের কর্মকর্তা সজল নন্দীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বড় ভাই স্বপন নন্দী বাদী হয়ে নগরীর বন্দর থানায় মামলা করেন। এরপর পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে এসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই তিনজনকে গ্রেপ্তার করে।
তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সদীপ কুমার দাশ বলেন, ব্যাংক থেকে সজল নন্দীর ২৯ লাখ টাকা ঋণ নেওয়ার বিষয়টি তার ছেলের কাছ থেকে জানতে পারে গ্রেপ্তার নবম শ্রেণির ছাত্রটি। পরে সে অন্য দুজনকে তা জানায়।
“এরপর পূর্ব পরিকল্পনা অনুসারে সাইকেল কেনার আগ্রহ দেখিয়ে তিনজন ওই দিন সজল নন্দীর সাথে দেখা করতে তার বাসায় যায়। অথচ তাদের কাছে সাইকেল কেনার টাকা ছিল না। পকেটে ছিল ছুরি।”
ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে সজলের স্ত্রী চাকরিতে যাওয়ার পর তিনি একাই ওই বাসায় ছিলেন।
আদালতে জয় বড়ুয়া চৌধুরীর জবানবন্দির বরাত দিয়ে পরিদর্শক সদীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় দুই মাস আগে নিউ মার্কেট মোড় থেকে একটি টিপ ছুরি কেনেন জয়, ছুরিটি সব সময় তার কাছে থাকত।
মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রটিকে ছেলের সাইকেলের ক্রেতা খুঁজতে বলেছিলেন সজল নন্দী।
গত শনিবার নবম শ্রেণির ছাত্রটি এ বছর এসএসসি উত্তীর্ণ ছাত্রটিকে সাইকেলের ক্রেতা সাজিয়ে সজলের বাসায় নিয়ে যান। এরপর রোববার সকালে আবার তারা সজলের বাসায় যান। তখন তাদের সঙ্গে ছিল জয় বড়ুয়া চৌধুরী।
রোববার সকালে বাসায় গেলে সজল নন্দী তাদের চা-বিস্কুট খেতে দেন বলে জানিয়েছেন জয় বড়ুয়া চৌধুরী।
পরিদর্শক সদীপ বলেন, “সে জবানবন্দিতে বলেছে, সজল আংকেল সাইকেলের দাম চান সাড়ে নয় হাজার টাকা।এ সময় সাইকেল ক্রেতা (এসএসসি উর্ত্তীণ ছাত্রটি) বলে পাঁচ হাজার টাকা। দরদাম নিয়ে সে (ছাত্র) আংকেলের সাথে বেয়াদবি করে। সজল আঙ্কেল তার (ছাত্র) গলা ধাক্কা দিতে চায়। এ সময় সে (ছাত্র) টেবিলের ওপর থাকা তালা দিয়ে আঙ্কেলের মাথায় পরপর দুটি আঘাত করে।
“এরপর আঙ্কেল আমাকে ও তাকে (ওই ছাত্র) মারতে চায়। আমরাও তাকে ধাক্কা দিই। সে (ওই ছাত্র) আমাকে বলে, শালাকে শেষ করে দে। এরপর আমি পকেট থেকে ছুরি বের করে আঙ্কেলের গলায় পোচ দিই। তখন আবার সে (ওই ছাত্র) বলে, শালাকে আজ মেরে ফেলতে হবে। তখন ছুরি দিয়ে গলায় আরেকটি পোচ দিই।”
ওই অবস্থায় সজল নন্দীকে ধাক্কা দিয়ে রান্না ঘরে নিয়ে পা বেঁধে ফেলার কথাও জবানবন্দিতে জানায় তিনজন।
সজলের মৃত্যু নিশ্চিত হওয়ার পর ওই বাসার বাথরুমে গিয়ে ‘রক্ত ধোয়া-মোছার’ কথা জানিয়েছে জয় বড়ুয়া চৌধুরী।
তদন্ত কর্মকর্তা সদীপ দাশ বলেন, “হত্যাকাণ্ডের পর তারা ওই বাসার জিনিসপত্র ওলট পালট করে এবং সজলের পকেটে থাকা চাবি নিয়ে পালিয়ে যাওয়ার কথা জবানবন্দিতে বলেছে।”
তাদের স্বীকারোক্তির ভিত্তিতে নগরীর মাইলের মাথা এলাকায় জয় বড়ুয়ার বাসার পেছনের পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং কর্ণফুলী নদীর অপর তীরের ডাঙ্গারচর থেকে সজল নন্দীর কাছ থেকে নিয়ে যাওয়া চাবিটি উদ্ধার করা হয় বলে জানান তিনি।
