২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘টাকা লুটের জন্য খুন করা হয় ব্যাংক কর্মকর্তা সজল নন্দীকে’

ঊনত্রিশ লাখ টাকা লুটের জন্য চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা সজল নন্দীকে তার ছেলের বন্ধুরা খুন করেছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 07:44 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

এই খুনের ঘটনায় দুই স্কুল ছাত্রসহ তিনজনকে গ্রেপ্তারের পর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক সদ্বীপ দাশ জানিয়েছেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজনের মধ্যে জয় বড়ুয়া চৌধুরী (১৯) নগরীর একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। আর ১৬ বছর বয়সী অন্য দুইজনের একজন হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও অন্যজন হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনজনই সজল নন্দীর ছেলে সৈকতের বন্ধু।

গত রোববার সকালে নগরীর সল্টগোলা ক্রসিং এলাকার নিজ বাসা থেকে রূপালী ব্যাংক কর্মকর্তা সজল নন্দীর গলা কাটা লাশ উদ্ধার উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই স্বপন নন্দী বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার পর থেকে বন্দর থানা পুলিশের পাশাপাশি পিবিআইও ছায়া তদন্ত শুরু করে।

তদন্ত কর্মকর্তা সদ্বীপ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যাকাণ্ডে তিন কিশোরের সম্পৃক্ততা আঁচ পেয়ে কৌশলে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, সজল নন্দীর ছেলে সৈকত তার নবম শ্রেণিতে পড়ুয়া বন্ধুকে জানিয়েছিল, তার বাবা ব্যাংক থেকে ২৯ লাখ টাকা লোন পেয়েছে। তথ্যটি পরে সেই বন্ধু তার অপর দুই বন্ধুকে জানায়।   

“গ্রেপ্তার তিনজন জানিয়েছে, ঘটনার দিন সকাল সাড়ে ৮টটার দিকে সজলের স্ত্রী চাকরিতে যাওয়ার পর সৈকতের ব্যবহৃত সাইকেলটি কেনার কথা বলে সল্টগোলায় তাদের বাসায় ঢোকে তারা। এক পর্যায়ে সাইকেল কেনা নিয়ে সজলের সঙ্গে তাদের বিতণ্ডা হয়।

“এসময় এসএসসি উত্তীর্ণ কিশোরটি তালা দিয়ে সজলের মাথায় আঘাত করে। সজল চিৎকার করলে নবম শ্রেণির ছাত্রটি তার মুখ চেপে ধরে এবং অন্য দুইজন গামছা দিয়ে তার পা বেঁধে ফেলে। পরে জয় বড়ুয়া তার কাছে থাকা ছুরি দিয়ে সজলের গলা কাটে।”

পুলিশ কর্মকর্তা সদ্বীপ জানান, পরে তারা বাসায় টাকা না পেয়ে সজলের পকেটে থাকা ব্যাংকের চাবি নিয়ে পালিয়ে যায়।

হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জয় নিউ মার্কেট এলাকা থেকে কিনেছিল জানিয়ে তদন্ত কর্মকর্তা বলেন, “ছুরিটি বন্দর থানার মাইলের মাথা এলাকার শামছুল হক সাহেবের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।”

ব্যাংকের চাবি ডাঙ্গারচর এলাকায় ফেলে দিয়েছে বলে গ্রেপ্তার তিনজন পুলিশকে জানিয়েছে।

সদ্বীপ বলেন, “হত্যাকাণ্ড ঘটিয়ে তারা নদী পার হয়ে ডাঙ্গার চর চলে যায়। সেখানে ব্যাংকের চাবিটি ফেলে দেয়। পরে তারা বাসায় ফিরে আসে।”

চাবিটি উদ্ধারের চেষ্টা চরছে বলে জানান তিনি।

পুরনো খবর:

রূপালী ব্যাংক কর্মকর্তা হত্যাকাণ্ডে ছেলের ৩ বন্ধু গ্রেপ্তার