২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপির ইফতারে মারামারি

চট্টগ্রাম মহানগর বিএনপির ইফতার মাহফিলে লন্ডন থেকে ফোনে তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানোর পরই হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়িতে লিপ্ত হলেন দলের কর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 12:19 AM

Updated : 11 Oct 2022, 12:22 PM

বুধবার বিকালে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আলোচনা সভা চলাকালে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের মোবাইলে ফোন দিয়ে কথা বলেন।

তারেক সরাসরি ডা. শাহাদাতের মোবাইলে ফোন দিয়েছিলেন জানিয়ে তার ব্যক্তিগত সহকারী মারুফুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি দলীয় নেতা ও সর্বস্তরের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। দলের সব নেতাকর্মীদের তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি প্রায় ১০ মিনিট ফোনে বক্তব্য দেন।”

তিনি এই আহ্বান জানানোর পরপরই ইফতারে বসা নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারি ঘটনা ঘটে।

এই ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কনভেনশন সেন্টারের দোতলায় অতিথি, বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনদের বসার আয়োজন করা হয়েছিল। নিচতলায় ছিল দলের বিভিন্ন পর্যায়ের কর্মীদের জন্য ইফতার আয়োজন।

ইফতার শুরুর আধ ঘণ্টাখানেক আগে ‘বসার জায়গা’ নিয়ে দুই দল কর্মী সংঘর্ষে জড়ান। এ সময় তাদের মধ্যে হাতাহতি, চেয়ার ছোড়াছুড়ি ও একে অপরকে মারধরের ঘটনা ঘটে।

বিএনপি কর্মীদের হাতাহাতি কনভেনশন সেন্টারের মাঠেও ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ বিষয়ে বক্তব্যের জন্য ডা. শাহাদাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

তবে তার ব্যক্তিগত সহকারী মারুফুল হক চৌধুরী বলেন, “নিচে কর্মীদের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছিল, পরে তা মিটে গেছে।”

এ বিষয়ে কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভেতরে তাদের নিজেদের মধ্যে সমস্যা হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ কনভেনশন সেন্টারের বাইরে প্রস্তুত ছিল।

আলোচনা সভা

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আওয়ামী লীগ যে নির্বাচনী প্রকল্প তৈরি করেছে রাষ্ট্রীয় কিছু সংস্থাকে নিয়ে, কিছু লোকজন নিয়ে... ভোট ডাকাতির যে প্রক্রিয়া, নীলনকশা তা ভেঙ্গে দিতে হবে।”

তিনি বলেন, “এই নির্বাচনী প্রকল্পের অধীনে নির্বাচন করা যাবে না। তার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে।”

মাদকের সাথে আওয়ামী লীগের নেতারা জড়িত অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “তাদের গায়ে হাত যাচ্ছে না। অথচ সাধারণ মানুষ ও বিরোধী দলকে তারা হত্যা করছে। এটার কারণ তারা ভয়ভীতি অব্যাহত রেখে ক্ষমতায় থাকতে চাইছে।”

তবে তা বাস্তবায়ন হবে না মন্তব্য করে আমীর খসরু বলেন, “যারা নির্বাচনী প্রজেক্ট ও ভয়ভীতির সাথে জড়িত এবং বেগম খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনের পাঁয়তারা করছেন সবাইকে বলছি- বাংলাদেশের মানুষ আপনাদের চিহ্নিত করেছে। কেউ রেহাই পাবে না। ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের জন্য তৈরি হতে হবে।”

নগর কমিটির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. শাহাদাত হোসেন।