২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় বাঁচাতে বিন্না ঘাস প্রকল্পের উদ্বোধন

দ্রুত বর্ধনশীল ও জলবায়ু সহিষ্ণু বিন্না ঘাস লাগিয়ে ভূমিক্ষয় ও পাহাড় ধসের ঝুঁকি কমানোর চেষ্টায় ‘বাংলাদেশ-থাইল্যান্ড ভেটিভার গ্রাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’ এর আওতায় চট্টগ্রামে ‘ভেটিভার সেন্টার’ এর উদ্বোধন করেছেন থাই রাজকুমারী মাহা চাকরি সিরিনধর্ন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 02:19 PM

Updated : 11 Oct 2022, 12:22 PM

পুরনো খবর:

বুধবার চট্টগ্রামে বিন্না ঘাস প্রকল্প উদ্বোধন করবেন থাই রাজকুমারী

বুধবার বেলা ১১টায় বন্দরনগরীর টাইগার পাসের বাটালি হিল মিঠা পাহাড়ের পাদদেশে এই ভেটিভার সেন্টারে থাই রাজকুমারী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের হাতে বিন্না ঘাসের চারা তুলে দিয়ে এ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তিনি ভেটিভার সেন্টারে একটি গাছের চারা রোপণ করেন এবং প্রকল্পের কাজ ঘুরে দেখেন।  

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ অনুষ্ঠানে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এ দেশের মানুষকে মোকাবিলা করতে হচ্ছে। ভারি বর্ষণের কারণে ভূমি ধস হচ্ছে।

“বাংলাদেশের জনগণ এর প্রভাব ভোগ করছে। পাহাড় ধস রোধে বিন্না ঘাস লাগানোর এই প্রকল্পে সহায়তা করায় থাই রাজকুমারীকে ধন্যবাদ। থাইল্যান্ডের রয়্যাল চাই পাত্তানা ফাউন্ডেশনের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এই প্রকল্পে কাজ করবে।”

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রকল্পের জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেয়ারও ঘোষণা দেন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম শহর পাহাড় ঘেরা। প্রায় প্রতিবছরই নগরীর বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটছে। ২০০৭ সালে পাহাড় ধসে চট্টগ্রামে মোট ১২৮ জনের প্রাণহানি হয়।

“আমরা চাই পাহাড় রক্ষা করতে। পাশাপাশি আমাদের মানুষের জীবন বাঁচাতে। সেই লক্ষ্যেই পাহাড় ক্ষয় রোধে বিন্না ঘাস লাগানোর এই প্রকল্প আমরা গ্রহণ করেছি।”

বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুবান্নাপংসে  বলেন, ভারি বর্ষণে পাহাড় ধস রোধে থাই দূতাবাসের পক্ষ থেকে এই প্রকল্পে অংশগ্রহণের জন্য চাই পাত্তানা ফাউন্ডেশনকে অনুরোধ জানানো হয়।

“চট্টগ্রাম মানুষের উপকারের জন্য সিটি করপোরেশনের সঙ্গে এই প্রকল্প বাস্তবায়ন ও প্রশিক্ষণে আমরা কাজ করব।”

Image
বিন্না ঘাস লাগিয়ে মাটির ক্ষয়রোধ ও পাহাড় ধস ঠেকাতে বুধবার চট্টগ্রামের বাটালি হিলে ‘ভেটিভার সেন্টার’ এর উদ্বোধন শেষে সেন্টারটি পরিদর্শন করেন থাই রাজকুমারী মাহা চাকরি সিরিনধর্ন। ছবি: সুমন বাবু

বিন্না ঘাস লাগিয়ে মাটির ক্ষয়রোধ ও পাহাড় ধস ঠেকাতে বুধবার চট্টগ্রামের বাটালি হিলে ‘ভেটিভার সেন্টার’ এর উদ্বোধন শেষে সেন্টারটি পরিদর্শন করেন থাই রাজকুমারী মাহা চাকরি সিরিনধর্ন। ছবি: সুমন বাবু

অন্যদের মধ্যে চাই পাত্তানা ফাউন্ডেশনের ললিত থানোমসিং এবং এ প্রকল্পের কারিগরি সহায়তায় থাকা বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলামও বক্তব্য দেন অনুষ্ঠানে।

অধ্যাপক শরীফুল জানান, বাংলাদেশে যা বিন্না ঘাস, বিদেশে এর নাম ভেটিভার। বিশ্বের শতাধিক দেশে নদী তীর ও বাঁধ রক্ষা এবং পাহাড়ে ভূমিক্ষয় ঠেকাতে এ ঘাস ব্যবহার করা হচ্ছে।

চার থেকে ছয় মাসেই এ ঘাসের শেকড় মাটির ছয় থেকে দশ ফুট গভীরে ছড়িয়ে পড়ে।  এর শেকড়ের সহনশক্তি ইস্পাতের ছয় ভাগের এক ভাগ। প্রতিকূল পরিবেশে সহজেই মানিয়ে নেওয়ার এবং টিকে থাকার ক্ষমতা আছে এই ঘাসের।

ভেটিভার প্রকল্পের পরিচালক চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টাইগার পাসের ভেটিভার সেন্টারে পাইলট প্রকল্পের আওতায় বিন্না ঘাস লাগানো হবে। এরপর চাই পাত্তানা ফাউন্ডেশনের সহায়তায় নগরীর ক্ষয়প্রবণ পাহাড়গুলোতে এস ঘাস লাগানো হবে।

অধ্যাপক শরীফুল ইসলাম জানান, তারা ইতোমধ্যে কয়েকটি পাহাড় থেকে মাটির নমুনা সংগ্রহ করেছেন পরীক্ষা করার জন্য।  শুরুতে একটি পাহাড়ে পরীক্ষামূলকভাবে এই ঘাস লাগানো হবে। এর ফলাফল দেখে বাকি পাহাড়গুলোতে বিন্না ঘাস লাগানো হবে।