কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নেত্রকোণার ‘শীর্ষ মাদক ব্যবসায়ী’ নিহত
কক্সবাজারে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যিনি নেত্রকোণার ‘শীর্ষ মাদক ব্যবসায়ী’ বলে দাবি করা হয়েছে।
নিহত মো. মজিবুর রহমানের (৪২) বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে বলেও র্যাব জানিয়েছে।
মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে সদর থানার কবিতা চত্বর এলাকায় এই গোলাগুলি হয় বলে র্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র্যাব সদস্যরা মাদক ব্যবসায়ী সন্দেহে কয়েকজনকে চ্যালেঞ্জ করলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তখন আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে।
“পরে ঘটনাস্থল থেকে নেত্রকোণার শীর্ষ মাদক ব্যবসায়ী ও ১০টি মামলার আসামি মজিবুরের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়।”
এছাড়া সেখান থেকে ছয় হাজার ইয়াবা, একটি ওয়ান শ্যুটার গান, তিন রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয় বলে জানান এই র্যাব কর্মকর্তা।
সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানে গত ১৯ মে থেকে প্রতিরাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন মাদক ব্যবসায়ীরা নিহত হচ্ছেন। এরইমধ্যে এভাবে গুলিতে নিহতের সংখ্যা একশ ছাড়িয়েছে।
এদিকে রাত ২টার দিকে চট্টগ্রাম শহরের পলোগ্রাউন্ড এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইসহাক (৩৫) নামে আরেক সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
র্যাব-৭ এর চাঁদগাওঁ কোম্পানির কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান জানান, মাদকের চালান লেনদেনের খবরে তারা র্যাব সদস্যরা এলাকায় অভিযানে গেলে তাদের ওপর গুলি চালানো হয়। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চায়।
পরে ঘটনাস্থলে ইসহাকের গুলিবিদ্ধ মরদেহ, চার হাজার ইয়াবা, একটি ওয়ান শ্যুটার গান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
