খালেদাকে বন্দি রেখে নির্বাচন বুমেরাং হবে: নোমান
খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখে নির্বাচন করার চেষ্টা হলে তা সরকারের জন্য বুমেরাং হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার চট্টগ্রামের রেলওয়ে অফিসার্স ক্লাবে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নোমান বলেন, “সরকার দেশনেত্রী খালেদা জিয়াকে বন্দি রেখে ৫ জানুয়ারি মার্কা আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে। কিন্তু সরকারের সে নীল নকশা বুমেরাং হয়ে যাবে। আমরা আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করব।”
রাজনৈতিকভাবে ‘দেউলিয়া’ দলে পরিণত হয়ে আওয়ামী লীগ এখন পুলিশ, র্যাব ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা আছে বলে মন্তব্য করেন এ বিএনপি নেতা।
তিনি বলেন, “এই অবস্থা বেশি দিন চলবে না। পৃথিবীতে কোনো স্বৈরাচারের শেষ রক্ষা হয়নি, বর্তমান সরকারেরও শেষ রক্ষা হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।”
চট্টগ্রাম বিভাগী শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে এ আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার।
অন্যদের মধ্যে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান অনুষ্ঠানে বক্তব্য দেন।
