২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রাম্যমাণ আদালত দেখলেই দাম কমে

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় দাম কিছুটা কমলেও আগে-পরে বাড়তি দামেই সবজি বিক্রি হচ্ছে চট্টগ্রামের বড় দুই কাঁচা বাজারে।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2018, 07:12 PM

Updated : 11 Oct 2022, 12:21 PM

বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নেতৃত্বে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার রিয়াজ উদ্দিন বাজারে অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় বিক্রেতারা পণ্যের কম দাম বললেও ভ্রাম্যমাণ চলে যাওয়ার পর আবার আগের দাম দাবি করেন তারা।

অন্যদিকে রিয়াজ উদ্দিন বাজার থেকে আধা কিলোমিটার দূরত্বের কাজীর দেউড়ি বাজারে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছিল সব সবজি।

রিয়াজ উদ্দিন বাজারে অভিযানে ছিলেন যান জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। তার সঙ্গে পুলিশ, বিএসটিআই এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধিরাও ছিলেন।

অভিযানের শুরুতে মূল্য তালিকা না থাকায় আর রহমান স্টোর নামের মুদি দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এরপর আদালত ঘুরে ঘুরে বিভিন্ন পণ্যের দাম যাচাই করে।

এসময় পাইকারি বিক্রেতারা প্রতি কেজি বেগুন ৩০-৩৫ টাকা, কাঁচা মরিচ ২০ টাকা, শসা ৩০ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, আলু ১৭ টাকা, গরুর মাংস (হাড় ছাড়া) ৬৫০ টাকা, হাড়সহ ৫০০ টাকা, দেশি মুরগি ৪২০ টাকা, সোনালি ২৮০ টাকা, লেয়ার ১৯০ টাকা ও ব্রয়লার মুরগি ১৫০ টাকা বলে জানান।

একই বাজারে খুচরাতে বেগুন ৫০ টাকা, শসা ৫০ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা, পেঁয়াজ ৩৫ টাকা, আলু ২০ টাকা, টমেটো ৪০ টাকায় বিক্রির কথা জানান বিক্রেতারা। মূল্য তালিকায়ও একই দাম উল্লেখ করা ছিল।

Image
চট্টগ্রাম বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

তবে কয়েকটি দোকানে মূল্যতালিকার দেখা মেলেনি।

বাজার ঘুরে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন খুচরায় গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা ও টমেটো ৪০ টাকায় বিক্রি করতে বলেন।

অভিযান শেষে তিনি বলেন, “গরুর মাংস ও মুরগির দাম যাতে না বাড়ে সেজন্য বিক্রেতাদের সর্তক করেছি। বেগুন, কাঁচা মরিচ ও ছোলার দাম যাতে সহনশীল থাকে সেটাও বলেছি।

“কেউ যদি আড়ত থেকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করে তাহলে সামনে থেকে আমরা অ্যাকনে যাব।”

কিন্তু ভ্রাম্যমাণ আদালত চলে গেলে একাধিক সংবাদকর্মী ক্রেতা হিসেবে দাম জানতে চাইলে বিক্রেতারা বেগুন ৬০ টাকা কেজি এবং গরুর মাংস ৭০০ টাকা কেজি দাম হাঁকেন।

এরপর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান দল যায় কাজীর দেউড়ি বাজারে।

সেখানে বেগুন ৭০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা, আলু ২৫ টাকা, শসা ৬০ টাকা, দেশি মুরগি ৪৫০ টাকা, সোনালি ৩১০ টাকা ও লেয়ার ২১০ টাকায় বিক্রি করছিল বিক্রেতারা।

এক পর্যায়ে বিক্রেতা মো. সবুরের (৯৫ নম্বর দোকান) দোকানে বেগুনের দামে ক্রয়তালিকা ও বিক্রয়মূল্যের মধ্যে কেজিতে ২০ টাকা তফাত দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় কাজীর দেউড়ি বাজার সমিতির সভাপতি আবদুর রাজ্জাক বেশি দামে বেগুন কেনা এবং পোকা ছাড়া বেগুন বিক্রির অজুহাত দেন।

শেষে ভ্রাম্যমাণ আদালত বেশি দাম রাখায় ওই দোকানিকে এক হাজার টাকা জরিমানা করে।

Image
চট্টগ্রাম বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কাজীর দেউড়ি বাজারে মুরগি বিক্রেতারা বিক্রয় মূল্য ঝুলালেও ক্রয়মূল্য তালিকায় উল্লেখ করেননি। এজন্য তাদের সর্তক করে আদালত।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, রিয়াজ উদ্দিন বাজারে ৩০-৩৫ টাকার বেগুন কাজীর দেউড়ি বাজারে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

“মূল্যতালিকা প্রদর্শনের জন্য তাদের বারবার সর্তক করা হয়েছে।”

ক্যাব চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতি বছর রমজান এলেই ব্যবসায়ীদের মূল্য তালিকা টানানোসহ একই নির্দেশনা দিতে হয়। অথচ পরিবর্তন হয় না। আইনের কঠোর প্রয়োগ করে অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের দুয়েকজনকে অন্তত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

“আইনের প্রয়োগ নিশ্চিত হওয়া দরকার। পাশাপাশি ব্যবসায়ীরা যদি সৎ ও আন্তরিক না হয় তাহলে পাহারা দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব না। প্রশাসনের উচিত নিয়মিত মনিটরিং জোরদার করা।”