বরফকল মসলার কারখানায় নোংরা পরিবেশ, জরিমানা
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের কারণে চট্টগ্রামে একটি বরফকল ও দুইটি মসলার কারখানাকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রোবরার নগরীর আগ্রাবাদ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ব্যবহার না করে নোংরা পানি দিয়ে বরফ উৎপাদন করছে আগ্রাবাদ চৌমুহুনী এলাকার বরফকলটি।
পাশাপাশি স্টেইনলেস স্টিল ব্যবহার না করে মরিচা ধরা ট্রে ব্যবহারের পাশাপাশি স্যানিটেশন ও ডাক্তারি সনদ ছাড়া পানি বরফ তৈরিতে ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।
আগামী ৪৫ দিনের মধ্যে কারখানার মান উন্নয়নের নির্দেশ দেওয়ার পাশাপাশি বরফকলটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল।
একই আদালত নোংরা পরিবেশে মাড়াই করে খোলা বাজারে মসলা বিক্রির দায়ে মেসার্স আল আমিন মসল্লা ফ্যাক্টরি ও মেসার্স হানিফ স্টোর নামে দুইটি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
