কুমিরায় সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় কর্ভাড ভ্যানচাপায় এক আনসার সদস্য মারা গেছেন।
নিহত আনসার সদস্য রেজাউল করিম (২৫) পাবনার আটঘরিয়া থানার ইসলামপুর এলাকার ফজলুল হকের ছেলে।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত আনসার সদস্য রেজাউল কুমিরার টোটালগ্যাজের এলপি গ্যাস কারখানায় দায়িত্ব পালন করতেন।
“সকালে তিনি হেঁটে বাজার করতে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি কভার্ড ভ্যান ধাক্কা দেয়।”
কর্ভার্ড ভ্যানটি স্থানীয়রা আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
গুরুতর আহত রেজাউল করিমকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১২টার দিকে রেজাউল করিমকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
