২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুরিজম অথরিটি অব থাইল্যান্ডের সঙ্গে যুক্ত হল রিজেন্ট

বাংলাদেশি পর্যটকদের ভ্রমণ সহজ করতে থাইল্যান্ডের সরকারি সংস্থা টুরিজম অথরিটি অব থাইল্যান্ডের (টিএটি) সঙ্গে যুক্ত হয়েছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 11:49 PM

Updated : 08 Apr 2022, 06:21 PM

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হোটেলে এক অনুষ্ঠানে রিজেন্টের পক্ষ থেকে তা গণমাধ্যমকে জানানো হয়।

রিজেন্টে ভ্রমণকারী বাংলাদেশি পর্যটকদের ‘এ্যামাইজিং থাইল্যান্ড’ কর্মসূচির আওতায় সহযোগিতা করবে টিএটি।

অনুষ্ঠানে রিজেন্ট এয়ারওয়েজের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সালমান হাবিব বলেন, ~২০১৪ সালে ঢাকা ও চট্টগ্রাম থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গন্তব্যে আমরা ফ্লাইট চালু করি। তখন থেকেই ভ্রমণকারীদের বিভিন্ন প্যাকেজের মাধ্যমে সেবা দিচ্ছি। সেবার মান ও পরিধি বাড়াতে এবার থাইল্যান্ড পর্যটন কর্তৃপক্ষের সাথে যুক্ত হওয়া।”

টিএটি’র পরিচালক (বাংলাদেশ, নেপাল, ভুটান, উত্তর ও পূর্ব ভারত) ইশরা স্টেপানাশেট থাইল্যান্ডের পর্যটন শিল্পের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে বলেন, “আমাদের দেশে পর্যটকদের অতিথির মতো সেবা দেওয়া হয়।”

তিনি জানান, ২০১৭ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৫ হাজারেরও বেশি পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করেন, যা তার আগের বছরের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি।

রিজেন্টের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) হানিফ জাকারিয়া থাইল্যান্ড ভ্রমণে ১৪ মে থেকে তাদের বিশেষ অফারে কথা জানান।

“ঢাকা থেকে ১৮ হাজার টাকায় এবং চট্টগ্রাম থেকে ২৩ হাজার ৭৯৬ টাকা ভাড়ায় ব্যাংকক ভ্রমণে বিনামূল্যে একরাত হোটেলে থাকার সুবিধা থাকছে এই বিশেষ প্যাকেজে। ঈদের ছুটি বাদে এই সুযোগ থাকবে ৩১ জুলাই পর্যন্ত।”

রিজেন্টের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ জানান, কমপক্ষে দু’জন ভ্রমণ করলে এই বিশেষ সুবিধা পাওয়া যাবে।

ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালনা করে রিজেন্ট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজেন্টের মহাব্যবস্থাপক সুব্রত শর্মা, সহকারী মহাব্যবস্থাপক (হলিডেজ) কাজী আহমেদ উল্লাহ এবং টিএটি’র বিপণন কর্মকর্তা ভৈসালী শর্মা।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন ট্যুর অপারেটার সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। র‌্যাফেল ড্রতে একজন বিজয়ীকে ব্যাংকক ভ্রমণের বিমান টিকেট দেয়া হয়।