২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রড নিয়ে উধাও ট্রাকের সন্ধান মিলল দুই মাস পর

চট্টগ্রাম থেকে লোহার রড নিয়ে কুমিল্লা যাওয়ার পথে উধাও হওয়া একটি ট্রাক প্রায় দুই মাস পর আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 06:45 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

কুমিল্লা সদর উপজেলা থেকে বুধবার রাতে ট্রাকটি আটকের পাশাপাশি কিছু লোহাও উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয়  ট্রাকচালক মো. কামালকে (৩৮)। তিনি কুমিল্লার কাটাবিল এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৬ মার্চ সীতাকুণ্ডের আবুল খায়ের স্টিল মিলস থেকে কুমিল্লার দেবিদ্বারে লোহার রড পাঠানোর জন্য কামালের ট্রাকটি ভাড়া নেওয়া হয়েছিল।

“মিল থেকে ১৩ টন রড নিয়ে দেবিদ্বার উপজেলার বিষ্ণুপুরের সাহারা ট্রেডার্স নামে একটি দোকানে যাওয়ার পথে চালক লোহার রড নিয়ে উধাও হয়ে যায়।”

এঘটনায় মিল কর্তৃপক্ষ সীতাকুণ্ড থানায় একটি মামলা করার পর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে নামে।

পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন বলেন, বুধবার কুমিল্লা সদর উপজেলা থেকে কামালকে গ্রেপ্তার করে ট্রাকটি আটক করা হয়। পরে কুমিল্লা সদরের দক্ষিণ চর্থা এলাকা থেকে চার টন রড উদ্ধার করা হয়।

মহিউদ্দিন বলেন, “জিজ্ঞাসাবাদে কামাল জানিয়েছে, ট্রাকমালিক শফিকুর রহমান ও সে চুক্তি করে ট্রাকের ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে মাল আনা-নেওয়ার কাজ করে। বেশ কয়েকবার তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালামাল আত্মসাৎ করেছিল।”

আবুল খায়ের স্টিল মিলস থেকে আত্মসাৎ করা লোহার রড কামাল তার ট্রাক মালিক শফিকের শ্বশুড়বাড়ি চর্থায় রেখে এসেছিল বলে জানায় পুলিশ।

ট্রাক মালিক শফিককে ধরার চেষ্টা করা হচ্ছে, বলেন পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন।