২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণিত ও তিন পার্বত্য জেলার খারাপ ফলে কমেছে পাসের হার

গণিত এবং তিন পার্বত্য জেলায় খারাপ ফল এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসির সার্বিক ফলাফলে প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উত্তম সেন গুপ্ত

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2018, 08:22 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

রোববার পরীক্ষার ফল ঘোষণার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. তাওয়ারিত আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী ফেল করেছে গণিতে।

অন্যান্য বিষয়ে ৯০ শতাংশের বেশি পরীক্ষার্থী পাস করলেও গণিতে এবছর মোট পাসের হার ৮৮ দশমিক ১১ শতাংশ, যা গত বছরের চেয়ে তিন দশমিক ৬৬ শতাংশ কম বলে জানিয়েছেন তিনি।

পাশাপাশি তিন পার্বত্য জেলার খারাপ ফলাফলও চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার সার্বিক ফলে প্রভাব ফেলেছে বলেও মনে করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক।

এবছর এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫০ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বনিম্ন পাসের হার ছিল ২০১৫ সালে ৮২ দশমিক ৭৭ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবছর এসএসসিতে অংশ নিয়েছে এক লাখ ৩৫ হাজার ১৪৮ জন। আর পাস করেছে এক লাখ ২০ হাজার ৩৭ জন শিক্ষার্থী।

তাওয়ারিত আলম জানান, গণিতের পাশাপাশি এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মানবিক বিভাগের পরীক্ষার্থীরাও খারাপ করেছে। গত বছর মানবিক বিভাগ থেকে ৭৩ শতাংশের বেশি পরীক্ষার্থী পাস করলেও এবছর পাস করেছে ৬০ দশমিক ১৩ শতাংশ।

তিনি জানান, মানবিকের শিক্ষার্থীরা বেশিরভাগ গণিতে খারাপ করেছে। এ বিভাগ থেকে গণিতে গতবারের চেয়ে ১৩ দশমিক ২৩ শতাংশ কম পরীক্ষার্থী পাস করেছে।

গত বছর মানবিক বিভাগে থেকে গণিতে ৭৩ দশমিক ৩৬ শতাংশ পরীক্ষার্থী পাস করলেও এবছর তা কমে দাঁড়িয়েছে ৬০ দশমিক ১৩ শতাংশে।  

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবছর এবছর বিজ্ঞান বিভাগ থেকে ৯০ শতাংশ,  মানবিকে ৬০ দশমিক ১৩ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৮ দশমিক ৮৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

গতবছর এ হার ছিল বিজ্ঞানে ৯২ দশমিক ০৭,  মানবিকে ৭৩ দশমিক ৩৬ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৬ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে তিন পার্বত্য জেলায়ও আগের বছরগুলোর তুলনায় পাসের হার কমেছে। যার মধ্যে সবচেয়ে বেশি খারাপ ফলাফল হয়েছে খাগড়াছড়ি জেলায়।

এ জেলায় সবচেয়ে কম পাসের হার ৫০ দশমিক ৫২ শতাংশ, যা গতবছর ছিল ৬২ দশমিক ৬৩ শতাংশ।

রাঙামাটি জেলায় পাসের হার ৬২ দশমিক ৭২ শতাংশ, যা গত বছর ছিল ৬৩ দশমিক ৫১ শতাংশ।

বান্দরবান জেলায় পাসের হার ৫৭ দশমিক ৯২ শতাংশ, যা গতবছরের চেয়ে প্রায় ২২ শতাংশ কম। গতবছর এ হার ছিল ৭৯ দশমিক ৬০ শতাংশ।

কক্সবাজার জেলায় পাসের হার ৭৪ দশমিক ২৯ শতাংশ; গতবার ছিল ৮৫ দশমিক ৯২ শতাংশ।

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক তাওয়ারিত জানান, তিন পার্বত্য জেলার পরীক্ষার্থীরা গণিত বিষয়ে বেশি খারাপ করেছে।

তিনি জানান, গণিতে এবছর খাগড়াছড়ি জেলায় পাসের হার সবচেয়ে কম ৬৩ দশমিক ৬৭ শতাংশ, যা গত বছর ছিল ৮১ দশমিক ২৯ শতাংশ।

বান্দরবানে ৭২ দশমিক ৫৮ শতাংশ, যা গতবছরের চেয়ে ১৪ শতাংশের বেশি কম। গত বছর এ হার ছিল ৮৬ দশমিক ৬৬ শতাংশ।

রাঙামাটিতে গতবছর গণিতে ৮৩ শতাংশের বেশি পরীক্ষার্থী পাস করলেও এবছর করেছে ৭৯ দশমিক ১৮ শতাংশ।

কক্সবাজারে ৮৭ দশমিক ৩৪ ও চট্টগ্রাম জেলায় ৯১ দশমিক ৭৯ শতাংশ পরীক্ষার্থী গণিতে পাস করেছে।