২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পানি উৎপাদনকারী তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পানি উৎপাদনের অপরাধে চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2018, 11:33 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত হালিশহর এলাকায় অভিযান চালিয়ে একটি উৎপাদনকারী কারখানাকে সাময়িকভাবে বন্ধের নির্দেশও দিয়েছে।

তৌহিদুল ইসলাম জানান, প্রতিষ্ঠান তিনটি কোন ধরনের নিয়ম নীতি না মেনে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ড্রিংকিং ওয়াটার উৎপাদন করে বাজারজাত করছিল।

প্রতিষ্ঠানগুলোতে উৎপাদিত পানির নমুনার টেস্ট রিপোর্ট সংগ্রহ করা হয় না, বিএসটিআই সনদ নেই, পোকামাকড় ও কীট পতঙ্গ নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পেস্ট কন্ট্রোল সিস্টেম নেই।

এ কারণে হালিশহর বড়পোল এলাকার ওহী ইন্টারন্যাশনালের উৎপাদিত কে এফ ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ডের প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা, ডিউড্রপ ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ডের পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান এ জে এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধের নির্দেশ দেয়া হয়।

এছাড়া পিউরিটি ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ডের প্রতিষ্ঠান এএমএস ইন্টারন্যাশনালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।