বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি
যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিভ্রাটে নগরীর কয়েকটি এলাকার বাসিন্দার একটি দিন ভোগান্তিতে কাটল।
বুধবার রাত থেকে শুরু হওয়া বিদ্যুতের লুকোচুরি বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলে। সন্ধ্যা ৭টার পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
‘ইনকামিং ক্যাবলে ত্রুটির’ কারণে বিদ্যুৎ সরবরাহের সমস্যা ও রেশনিং করার কথা জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
নগরীর খুলশীর সরদার বাহাদুর নগর এলাকার বাসিন্দা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে বিদ্যুৎ চলে যায়।
“এরপর রাতে আড়াইটার দিকে একবার বিদ্যুৎ আসলেও কিছুক্ষণ পর আবার চলে যায়। ভোর ছয়টায় আবার বিদ্যুৎ সরবরাহ শুরু হয়ে সকাল সাড়ে আটটা পর্যন্ত ছিল।”
নগরীর মাদারবাড়ি এলাকার বাসিন্দা মো. আজিজ বলেন, “রাতে বিদ্যুৎ ছিল না। বাসায় জেনারেটর সংযোগ বা আইপিএস নেই তাই খুব সমস্যা হয়েছে।”
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগের দক্ষিণাঞ্চলের সহকারী পরিচালক সহিদুল ইসলাম জানিয়েছেন, খারাপ আবহাওয়ায় কারণে খুলশী গ্রিড উপকেন্দ্রের ১৩২/৩৩ কেভি পাওয়ার ট্রান্সফরমারের ৩৩ কেভি ইনকামিং ক্যাবলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
“একারণে সাময়িকভাবে খুলশী, স্টেডিয়াম ও মাদারবাড়ি বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।”
এই তিন বিভাগে বিদ্যুৎ সরবরাহে সমস্যার কারণে নগরীর খুলশী, দামপাড়া, আগ্রাবাদ, মাদারবাড়ি, মোগলটুলি, জামালখান, আসকার দিঘীর পাড়, আন্দরকিল্লাসহ নগরীর বেশ কিছু এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েন।
সহিদুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটি দেওখা দেওয়ার পরপরই ওই তিন বিভাগের আওতাধীন উপকেন্দ্রগুলোতে মুরাদপুর, বাকলিয়া ও আগ্রাবাদ উপকেন্দ্র থেকে রেশনিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
রেশনিংয়ে কারণে মুরাদপুর, চকবাজার, দুই নম্বর গেট, দেওয়ান বাজার, বাকিলায়াসহ বিভিন্ন এলাকায়ও মধ্যরাত থেকে বিদ্যুতের আসা-যাওয়া চলে বলে বাসিন্দারা জানান।
সহিদুল ইসলাম বলেন, ক্যাবল বুধবার রাতেই প্রতিস্থাপনের কাজ শুরু হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে কাজ শেষ হয়েছে। ধীরে ধীরে সব স্থানে সরবরাহ স্বাভাবিক হবে।
তবে রাত পৌনে আটটা পর্যন্ত খুলশী ও স্টেডিয়াম বিদ্যুৎ বিভাগের আওতাধীন বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বলে বাসিন্দারা জানিয়েছেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রাহকদের ‘সাময়িক’ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।
