২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৪ বছর আগের হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলায় ১৪ বছর আগে এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2018, 04:26 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরে আলম বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাচ্চু মিয়া, রহিম উল্লাহ, ইসমাইল হোসেন, আরিফ হোসেন সবুজ, মনিরুল ইসলাম ও আবু তৈয়ব। 

এদের মধ্যে প্রথম তিনজন গ্রেপ্তার থাকলেও বাকিরা পলাতক। 

২০০৪ সালের ২০ জুলাই গভীর রাতে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় ভিডিও ক্যাসেটের দোকানি বাচা মিয়াকে ছুরিকাঘাতে খুন করা হয়। বিনা পয়সায় দোকান থেকে ভিডিও ক্যাসেট নেওয়ার জেরে এ খুনের ঘটনা ঘটে। 

আদালতের সহকারী পিপি অজয় বোস রিংকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত।

“পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত।”

আইনজীবী অজয় বোস রিংকু বলেন, নিয়মিত বাচা মিয়ার দোকান থেকে ভিডিও ক্যাসেট নিয়ে টাকা দিত না আসামিরা। টাকা চাইলে তারা উত্তেজিত হয়ে যায়।

২০০৪ সালের ২০ জুলাই রাতে আসামিরা ছুরিকাঘাত করে বাচা মিয়াকে। সেই রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বাচা মিয়া মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই জমির হোসেন ওই বছরের ২৩ জুলাই একজনকে আসামি করে মামলা করেন।

এরপর পুলিশ আসামি বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করলে আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি অন্য আসামিদের নাম বলেন।

পরে ছয় জনের বিরুদ্ধে পুলিশ ২০০৪ সালের ১১ অক্টোবর অভিযোগপত্র দেয়।

২০০৬ সালের ১৬ অক্টোবর অভিযোগপত্র গ্রহণ করা হয়।

মামলায় ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়।