সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় যুবকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে ভাটিয়ারিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত রবিউল ইসলাম লেদু (২৫) চট্টগ্রাম নগরীর বাকলিয়া রজাখালীর বাসিন্দা সালেহ আহম্মদের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শবে বরাতের রাতে বারো আউলিয়ার মাজার জিয়ারত করতে বেরিয়েছিলেন লেদু।
ভাটিয়ারি এলাকায় রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় লেদুকে ধাক্কা দিয়ে চলে যায় দ্রুতগামী একটি পিকআপ।
স্থানীয়রা রাত পৌনে ৩টার দিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক লেদুকে মৃত ঘোষণা করেন বলে জানান এএসআই আলাউদ্দিন।
হাইওয়ে পুলিশ বার আউলিয়া ফাঁড়ির পরিদর্শক আহসান হাবিব বলেন, তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু পিকআপটি আটক করা যায়নি।
