২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম শ্রম আদালত: দীর্ঘসূত্রতায় বিচার পায় না শ্রমিক

শ্রম আইনে  ৬০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান থাকলেও চট্টগ্রামের বিভাগীয় শ্রম আদালতে দুই হাজারের বেশি মামলা দীর্ঘদিন আটকে আছে বিচারক না থাকাসহ নানা কারণে।

উত্তম সেন গুপ্ত

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 01:11 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

শ্রমিক অধিকার সংগঠনগুলো বলছে, মামলার নিষ্পত্তি না হওয়ায় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

চট্টগ্রামের চান্দগাঁও ও ডবলমুরিং থানা ছাড়া পুরো জেলা, লক্ষ্মীপুর ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা রয়েছে চট্টগ্রামের প্রথম শ্রম আদালতের আওতায়।

আর দ্বিতীয় শ্রম আদালতের অধীনে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার জেলা এবং চট্টগ্রামের চান্দগাঁও ও ডবলমুরিং থানা।

এসব জেলার শ্রমিক অধিকার এবং মালিকদের সঙ্গে বিরোধ, ক্ষতিপূরণ আদায় ও ট্রেড ইউনিয়ন সংক্রান্ত বিভিন্ন মামলার বিচার এ দুই আদালতে হওয়ার কথা।  

আইন অনুযায়ী জেলা ও দায়রা জজ পদমর্যদার একজন বিচারককে আদালতের চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। প্রতি দুই বছর অন্তর শ্রম ও আইন মন্ত্রণালয়, মালিক ও শ্রমিক পক্ষের ছয়জন করে মোট ১২ জন প্রতিনিধি নিয়োগ দেওয়া হয় চেয়ারম্যানকে মামলায় সহায়তা করার জন্য।

২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামের দুটি শ্রম আদালতের বিচার কাজ চলছিল একজন মাত্র বিচারক (চেয়ারম্যান) দিয়ে। তিনি অবসরে যাওয়ার পর চলতি বছরের ১ জানুয়ারি থেকে চট্টগ্রামের দুটি শ্রম আদালতই এখন বিচারকশূন্য।

এর মধ্যে দুই নম্বর আদালতে সরকার সম্প্রতি বিচারক নিয়োগ দিলেও তিনি এখনো দায়িত্বে যোগ দেননি। এদিকে দীর্ঘদিন বিচারক না থাকায় প্রথম শ্রম আদালতে ১ হাজার ২৬০টি এবং দ্বিতীয় শ্রম আদালতে ৭২০টি মামলা আটকে আছে নিষ্পত্তির অপেক্ষায়।

আইনজীবীরা বলছেন, অনিষ্পন্ন এসব মামলার মধ্যে কোনো কোনোটি ঝুলে আছে কয়েক বছর ধরে, যদিও শ্রম আদালতে ৬০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান রয়েছে।

চা শ্রমিক মধুরাম রজক ২০১৩ সালে মৌলভীবাজারের রাজনগর চা বাগান থেকে চাকরিচ্যুত হওয়ার পর নায্য পাওনার দাবিতে চট্টগ্রাম বিভাগীয় দ্বিতীয় শ্রম আদালতে মামলা করেন। পাঁচ বছর পেরিয়ে গেলেও তার মামলার বিচার কাজ এখনো শেষ হয়নি।

মধুরামের মত আরেক চা শ্রমিক রাধা চাষা শ্রীমঙ্গলের পুটিয়াছড়া চা বাগান থেকে চাকরিচ্যুত হওয়ার পর ২০১৪ সালে মালিক পক্ষের বিরুদ্ধে মামলা করেন।

ওই মামলায় এখনও বাদীর সাক্ষ্য গ্রহণই হয়নি বলে জানান তার আইনজীবী মো. জানে আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শ্রম আদালতে জরুরি কিছু মামলা হয়। এসব মামলা দ্রুত নিষ্পত্তির প্রয়োজন হলেও মামলাগুলোর তারিখ পড়ে অনেক দেরি করে। এতে বিচার কাজে অনেক বেশি সময় নষ্ট হয়।”

মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ হলে দরিদ্র শ্রমজীবী বিচারপ্রার্থীরা উপকৃত হত বলে মন্তব্য করেন এই আইনজীবী।

ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রামের সভাপতি তপন দত্ত চট্টগ্রাম শ্রম আদালতে শ্রমিক পক্ষের প্রতিনিধি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শ্রম আইনের দুর্বলতার কারণেই শ্রমিকরা অধিকার বঞ্চিত হচ্ছে। মামলা নিষ্পত্তিতে সময় বেশি লাগায় অনেকে মামলা চালানোর আগ্রহও হারিয়ে ফেলেন।”

চার জেলা নিয়ে সিলেট ১৯৯৫ সালে আলাদা বিভাগ হলেও এখনও চট্টগ্রাম শ্রম আদালতের অধীনে ওই অঞ্চলের মামলা পরিচালিত হওয়ায় বিচারপ্রার্থীদের ভোগান্তি বেড়েছে বলে মনে করেন আইনজীবীরা।

তারা জানান, অনেক শ্রমিক অধিকারবঞ্চিত হলেও কেবল দূরত্বের কারণে সিলেট থেকে চট্টগ্রামে এসে মামলা করতে আগ্রহী হন না।  

চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বেশিরভাগ শ্রমিক কাজ করেন সিলেট ও শ্রীমঙ্গলে।

“চা শ্রমিকরা একেবারেই দরিদ্র জনগোষ্ঠী। এমনিতেই তারা নানাভাবে অধিকারবঞ্চিত। শুধু চট্টগ্রাম গিয়ে মামলা করতে হবে সেজন্য অনেকেই তাদের নায্য হিস্যা আদায়ের জন্য মামলা করা থেকে বিরত থাকেন।”

পাশাপাশি সিলেট অঞ্চলে গড়ে ওঠা অন্য সব কলকারখানা ও প্রতিষ্ঠানের কর্মীদেরও একই সমস্যায় ভুগতে হচ্ছে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি অঞ্জন সেন সংবাদ সংস্থা ইউএনবি থেকে চাকরিচ্যুত হওয়ার পর ২০০৯ সালে মামলা করেন।

চট্টগ্রাম শ্রম আদালতে সেই মামলার রায় হয় আট বছর পর। গত বছরের ২৬ সেপ্টেম্বর ওই রায়ে অঞ্জন সেনকে চাকরিতে পুনর্বহাল করে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয় আদালত।

ইউএনবি কর্তৃপক্ষ আপিল করায় মামলাটি বর্তমানে আপিল ট্রাইবুনালে বিচারাধীন। সেখানে আগামী ১১ জুলাই শুনানির পরবর্তী তারিখ রয়েছে।

অঞ্জন সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রম আদালতে এসব মামলা দ্রুত নিষ্পত্তির বিধান থাকলেও তা হয় অনেক দেরিতে। আবার শ্রম আদালতের পর আপিল ট্রাইবুন্যাল ও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে। সেখানেও অনেক সময় লাগে।

“এত দীর্ঘ সময় ধরে মামলা পরিচালনা করা শ্রমিকদের পক্ষে সম্ভব হয়ে উঠে না। তাই বাধ্য হয়ে তাদের মালিকের সঙ্গে আপসে যেতে হয়।”