২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভেজাল খাবারে রোগাক্রান্ত হচ্ছে মানুষ’

ভেজাল খাধ্য পণ্যের কারণে সাধারণ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে চট্টগ্রামে এক সেমিনারের আলোচনায় উঠে এসেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2018, 08:43 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

‘নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অ্যালমনাই অ্যাসোসিয়েশন ‘বন্ডিং’।

চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন বন্ডিং সভাপতি মো. জহুরুল আলম চৌধুরী।

সেমিনারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) রোকন উদ দৌলা বলেন, “বিশ্বের ২৬টি দেশে গিয়ে দেখেছি সেখানে ফলের পচন আছে। কিন্তু আমাদের দেশে আপেল, আম, লিচু, শুঁটকি, দুধ কিছুই নষ্ট হয় না। এর কারণ বের করতে হবে।

“ভেজাল খাবারের কারণে মানুষের নানা রোগ হচ্ছে। আর ওষুধ কিনতে খরচ হচ্ছে হাজার হাজার কোটি টাকা।”

জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) জ্যেষ্ঠ জাতীয় উপদেষ্টা শাহ মনির হোসেন বলেন, অনিরাপদ খাবার থেকে মানুষের শরীরে দুইশ ধরনের রোগ সৃষ্টি হচ্ছে। তাই এ ব্যাপারে সচেতন হতে হবে।

সেমিনার আয়োজক কমিটির সভাপতি মনির উদ্দিনের সভাপতিত্বে আলোচক হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম।

‘নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য: বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জাতীয় কমিটির সদস্য ইকবাল রউফ মামুন।

‘নিরাপদ খাদ্য উৎপাদন ও সুপেয় পানি সরবরাহে পিকেএসএফ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন পল্লী কর্মসংস্থান সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মহাব্যবস্থাপক শরীফ আহমদ চৌধুরী।

আলোচনায় অংশ নেন সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক আজাদুর রহমান মল্লিক, অধ্যাপক মো. শামীম, অধ্যাপক জামাল উদ্দিন, অধ্যাপক বেনু কুমার দে প্রমুখ।