২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে ১৩ কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম বন্দরে বিদেশি সিগারেটের বড় একটি চালান জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2018, 07:07 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

শনিবার কন্টেইনার খুলে এসব সিগারেট পাওয়া গেলেও আগে বৃহস্পতিবার সেটি আটক করা হয়েছিল।

ঢাকার ভুয়া একটি প্রতিষ্ঠানের নামে ফেল্ট (এক ধরনের ফোম) আমদানির ঘোষণা দিয়ে প্রায় ১৩ কোটি টাকার এসব সিগারেট আনা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা।

গ্রামবাংলা ফুড করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান সিঙ্গাপুর থেকে ফেল্ট আমদানির জন্য এলসি খুলেছিল। প্রতিষ্ঠানটির ঢাকার পুরানা পল্টনের যে ঠিকানা ব্যবহার করা হয় সেটির কোনো অস্তিত্ব পাননি শুল্ক কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টমসের কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান জানিয়েছেন, আটক চালানে এক কোটি ৩০ লাখ শলাকা সিগারেট আছে। সিগারেটের কার্টনে বাংলায় সতর্কীকরণ বিজ্ঞপ্তিও লেখা নেই।

“এই চালানটির বিষয়ে বৃহস্পতিবার গোপন সংবাদ পেয়েছি। তারপর কন্টেইনারটি পাহারা দিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাই।”

এ কে এম নুরুজ্জামান বলেন, “ব্যাংক এশিয়ায় এই এলসিটি কিভাবে খোলা হলো সেটি তদন্ত করব। প্রাথমিক তদন্তে আমদানিকারকের ঠিকানা ভুয়া পেয়েছি।

“সংশ্লিষ্ট শিপিং লাইনকেও চিঠি দেব। তারা এই চালানের ক্যারিয়ার হিসেবে কিভাবে নিয়ে আসল এবং তাদের দায় দায়িত্ব নিরূপন করব। প্রয়োজনে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।”

শুল্ক কর্মকর্তারা জানান, সিগারেটের শুল্ক হার ৪৫০ শতাংশ। আর যে ফেল্ট আমদানির ঘোষণা দেওয়া হয়েছিল তার শুল্ক হার মাত্র ৫৮ দশমিক ৬৯ ভাগ।