২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শিক্ষক সমিতিতে সব পদেই জয় আওয়ামী সমর্থকদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ১১টি পদের সবগুলোতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের হলুদ প্যানেলের প্রার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2018, 08:04 PM

Updated : 08 Apr 2022, 06:17 PM

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আব্দুল গফুর নির্বাচনের ফল ঘোষণা করেন।

সভাপতি নির্বাচিত হয়েছেন হলুদ দলের অধ্যাপক আহমদ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক অলক পাল।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো আলাদা প্যানেলে নির্বাচন করে বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াত সমর্থক শিক্ষকরা। 

বিএনপি সমর্থক শিক্ষকরা ‘স্বাধীনতা সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র, মানবিক ও ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ ব্যানারে প্যানেল দেয়।

জামায়াত সমর্থকদের সাদা দলের প্যানেলের ব্যানার ছিল- ‘স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত শিক্ষক সমাজ’।

আওয়ামী লীগ ও বাম সমর্খকদের হলুদ প্যানেলের ব্যানার ছিল ‘বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশলী শিক্ষক সমাজ’।

সভাপতি পদে বিজয়ী হলুদ দলের প্রার্থী একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক আহমদ সালাউদ্দিন পেয়েছেন ৩৬৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থকদের প্যানেলের প্রার্থী পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আল আমীন পান ১৪৩ ভোট।

জামায়াত সমর্থক সাদা দলের প্রার্থী মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ শওকতুল মেহের পান ১৩১ ভোট।

সাধারণ সম্পাদক পদে হলুদ দলের প্রার্থী ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক অলক পাল ৩০৬ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফোরামের প্রার্থী ফিন্যান্স বিভাগের অধ্যাপক এস এম নছরুল কাদির পান ২১৪ ভোট। সাদা দলের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ সালেহ জহুর পেয়েছেন ১৪৬ ভোট।

সহ-সভাপতি পদে মো. রাশেদ উন নবী, কোষাধ্যক্ষ পদে ড. মুহাম্মদ তারিকুল হাসান চৌধুরী ও যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম জয়ী হয়েছেন।

সদস্য পদে বিজয়ীরা হলেন ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, ড. লায়লা খালেদা, ড. মুঃ গোলাম কবীর, মো. আবদুল্লাহ আল মামুন, ড. মোহাম্মদ জামাল উদ্দীন ও ড. মোহাম্মদ শফিউল আযম।

সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে প্রার্থী ছিলেন মোট ৩৩ জন।

এবার ভোটার ছিল ৮৫৭ জন। এরমধ্যে ভোট দিয়েছেন মোট ৬৭২ জন।

এর আগে ১৮ ও ১৯ এপ্রিল অগ্রিম ভোট গ্রহণ হয়েছিল। ৯৯ জন শিক্ষক আগাম ভোট দিয়েছিলেন।