সীতাকুণ্ডে মহাসড়কে তিন মাসে নিহত ৩৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে গত তিন মাসে ৩৩ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, হাইওয়ে পুলিশের হিসেব অনুযায়ী গত তিনমাসে সীতাকুণ্ড অংশে সড়ক দুর্ঘটনায় ৩৩ জন, একবছরে ১৪২ জন নিহত হয়েছে। কিন্তু প্রকৃত অর্থে হতাহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি।
“অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের বেপরোয়া যান চালনা এবং মহাসড়কে যানবাহন চলাচলে অব্যবস্থাপনাই এর জন্য দায়ী।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামী শনিবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট থেকে দারোগাহাট পর্যন্ত ৪০ কিলোমিটার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন করা হবে।
এতে সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ এতে অংশ নেবে।
লিখিত বক্তব্যে এই মানববন্ধন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোরশেদ বলেন, আগে মহাসড়ক ছোট থাকলেও চার লেইন হবার পর যানবাহন ব্যবস্থাপনা যথাযথভাবে না হওয়ায় মুখোমুখি সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া, পথচারী পারাপারের সময় দুর্ঘটনা বেড়ে গেছে।
এছাড়া ‘সেইফ লাইন’ নামে ছোট ছোট হিউম্যান হ্যলার অনুমতি ছাড়া অদক্ষ চালক দিয়ে চলাচলের কারণে দুর্ঘটনা বেড়েছে বলে মত দেন তিনি।
মহাসড়কে দুর্ঘটনা রোধে মহাসড়কে সার্বক্ষণিক যানবাহন মনিটরিং ও ট্রাফিক ম্যানেজম্যান্ট ব্যবস্থার উন্নতি, মহাসড়কের নিকটে দোকান উচ্ছেদ, মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে পথচারী পারাপারের জন্য ওভারপাস নির্মাণের সাথে লাইসেন্স ছাড়া যানবাহন চালাতে না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. ফসিউল আলম, অধ্যাপক একেএম তফজল হক, মাস্টার আবুল কাশেম, মানববন্ধন বাস্তবায়ন পরিসদের সমন্বয়কারী খোরশেদ আলম ও সদস্য সচিব মনির আহম্মদ।
