শনিবার লালদীঘির সমাবেশে বক্তব্য দেবেন এরশাদ
চট্টগ্রামের লালদীঘি মাঠে শনিবার জাতীয় পার্টি ও ইসলামী ফ্রন্ট নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে বক্তব্য দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে জোটের এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসলামী ফ্রন্টের নেতা স ম আবদুস সামাদ বলেন, “ঢাকার পর চট্টগ্রামে লালদীঘি মাঠে নতুন চমক নিয়ে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ হাজির হবেন।”
মহাসমাবেশকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন দাবি করে তিনি বলেন, “জাতীয় জোটের মাধ্যমে আমরা সর্বস্তরের জনতার বিশ্বাস ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। এছাড়া সমাবেশে চট্টগ্রামবাসীর বিভিন্ন বঞ্চনার কথা তুলে ধরে বিভিন্ন দাবি জানানো হবে।”
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
