চট্টগ্রামে ছুরিকাঘাতে আড়ত কর্মচারী খুন
চট্টগ্রামের পাহড়তলীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক আড়ত কর্মচারীর মৃত্যু হয়েছে।
নিহত মাহবুব রানা (৩৫) সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বগা চত্বর এলাকার সৈয়দুল হকের ছেলে।
বুধবার গভীর রাতে ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজার স্টেশন রোডে অবস্থিত আড়তে এ ঘটনা ঘটে বলে ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাতে সিএনজিচালিত অটো রিকশা করে দুজন লোক এসে প্রথমে আড়ত ম্যানেজার রানার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় এবং পরে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”
গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
